দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯২৫ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে ২৬ হাজার ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।
এ সময়ে ঢাকা বিভাগে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৪১২ জনের। এ ছাড়া সিলেটে ১২৬, চট্টগ্রামে ১৫৭, রংপুরে ২০, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ১১, বরিশালে ৮৩ এবং খুলনা বিভাগে ৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা আক্রান্ত সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে আক্রান্তের প্রকৃত সংখ্যা নিরূপণ করা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে কেবল হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়। ফলে সরকারি পরিসংখ্যানে হাম আক্রান্ত ও মৃত্যুর যে চিত্র উঠে আসছে, তা প্রকৃত পরিস্থিতির পূর্ণাঙ্গ প্রতিফলন নয়।
সানা/কেএমএএ/আপ্র/২১/১১/২০২৬