মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইনানুগ প্রক্রিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিমিটেড কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল কারখানাটি পরিদর্শন করে। এ সময় তিনি কারখানার সার্বিক কর্মপরিবেশ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের বর্তমান বেতন কাঠামো, পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা, জীবনযাত্রার ব্যয়, প্রত্যাশা, কর্মক্ষেত্রের সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মালিকপক্ষের সুবিধা-অসুবিধা ও সামগ্রিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের আজাদ সুবহানী বলেন, এটি সরেজমিন তথ্য সংগ্রহের কার্যক্রম। নিয়মিত দাপ্তরিক কাজ ও সভার ফাঁকে আইন অনুযায়ী সাক্ষ্য এবং তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য কারখানাগুলো পরিদর্শন করছেন তাঁরা।
মালিক বা শ্রমিক কোনো পক্ষের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে বোর্ডের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। এমন কিছু ঘটেওনি, কারণ বোর্ডে শ্রমিক প্রতিনিধি রয়েছেন।
মালিকপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি উল্লেখ করে তিনি বলেন, আশা করছেন আগামী ২৩ তারিখ মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে।
মজুরি নির্ধারণে কোনো ধরনের চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, তিনি কোনো দিক থেকেই চাপ অনুভব করছেন না। কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছেন না। তবে কেউ প্রস্তাব না দিলেও আইনানুগ প্রক্রিয়ায় কাজ চলবে। এ ক্ষেত্রে আইনে নির্ধারিত ব্যবস্থা, নির্দেশক ও সূচক অনুসরণ করা হবে।
নিয়মিত কাজের বাইরে সরেজমিন কারখানা পরিদর্শনের কারণে ব্যক্তিগতভাবে কিছুটা অতিরিক্ত কাজের চাপ নিচ্ছেন বলেও জানান তিনি।
এ সময় মজুরি বোর্ডের অন্যান্য কর্মকর্তা এবং কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২১/১১/২০২৬