সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশে-বিদেশে শহীদ হওয়া বীর সেনানীদের মাগফেরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন তিনি। এ সময় নিজের প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেম বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়ের স্মৃতিচারণ করে দোয়া প্রার্থনা: সশস্ত্র বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্যক্তিগতভাবেও তিনি কিছুটা স্মৃতিকাতর। কারণ, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনের প্রায় পুরোটা সময় এই ক্যান্টনমেন্টে কাটিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এবারের আয়োজনে এসে বারবার মায়ের সেই স্মৃতি মনে পড়ছে।
তারেক রহমান বলেন, ‘আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফেরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি।’
মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর জন্ম একই সূত্রে গাঁথা: প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সেনাবাহিনীর জন্য গৌরবের ইতিহাস এবং একই সঙ্গে প্রেরণার উৎস।
একাত্তরের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে বিদ্রোহের সূচনা করেন। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে বাংলাভাষী সেনা কর্মকর্তা ও সৈনিকদের সংগঠিত করেন এবং সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধের উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ওই নিবন্ধগুলোতে জিয়াউর রহমান নিজের ভাষায় সেই রাতের ঘটনাবলি তুলে ধরেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, সময়ের গুরুত্ব বিবেচনায় তিনি ব্যাটালিয়নের কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও সৈনিকদের ডেকে সংক্ষিপ্ত ভাষণ দেন এবং সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তাঁদের একটি সামরিক পরিকল্পনাও দেন। তখন সময় ছিল ২৬ মার্চ ১৯৭১, রাত ২টা ১৫ মিনিট।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের লেখা এসব বিবরণ ১৯৭২ সালে দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত হয়েছিল।
তিনি আরো বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি আবারো স্বাধীনতাকামী জনগণের উদ্দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বেতারে প্রচারিত সেই ঘোষণা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে। এসব ঐতিহাসিক কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ।
সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ: সশস্ত্র বাহিনীর মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস, বীরত্ব ও শৌর্যের প্রতীক। স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তাঁর অভিযোগ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ চালিয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে কী ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়েছিল, তা দেশবাসীর জানা।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশপ্রেমিক জনগণ দেখেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার আহ্বান: দেশ ও জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে দুটি প্রধান দায়িত্ব পালন করতে হবে। প্রথমত, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, শহীদদের প্রত্যাশিত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতার প্রশংসা: অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপনে তাঁদের অংশগ্রহণে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান মুক্তিযুদ্ধে বন্ধু রাষ্ট্রগুলোর জনগণের অসামান্য অবদানের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সশস্ত্র বাহিনীর জন্য বন্ধু রাষ্ট্রগুলোর উন্নত প্রশিক্ষণ সহায়তা ও সহযোগিতার প্রশংসা করে তারেক রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের ফলপ্রসূ সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান: প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠার মহৎ লক্ষ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাঁদের অংশগ্রহণ সশস্ত্র বাহিনীর জন্য অনন্য সুযোগ এবং মূল্যবান অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র তৈরি করেছে।
জাতিসংঘের বৈশ্বিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
সানা/আপ্র/২১/১১/২০২৬