গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

ধনীর তুলনায় গরিবের আয়ে সাত গুণ বেশি ভ্যাটের বোঝা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৬ এএম ২০২৬
ধনীর তুলনায় গরিবের আয়ে সাত গুণ বেশি ভ্যাটের বোঝা
ছবি

র‌্যাপিডের গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ স্থানীয় এক হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন র‌্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক -ছবি র‌্যাপিডের সৌজন্যে

দেশে মূল্য সংযোজন করের (ভ্যাট) বোঝা ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ অর্থ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে যায়। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ ভ্যাট বাবদ ব্যয় হয়। অর্থাৎ আয়ের অনুপাতে ধনীদের তুলনায় দরিদ্রদের ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি।

অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ আয়কর হিসেবে দেয়। দরিদ্র পরিবারগুলোর আয় সাধারণত করযোগ্য আয়সীমার নিচে থাকায় তাদের আয়কর দিতে হয় না।

শনিবার (২১ নভেম্বর) বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) এক গবেষণায় দেশের করব্যবস্থার এমন বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং বাংলাদেশের সহায়তায় ‘বাংলাদেশে রাজস্ব ঘাটতি: কর আহরণের সম্ভাবনা, সীমাবদ্ধতা ও বণ্টনগত প্রভাব’ শীর্ষক গবেষণাটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার।

গবেষণায় বলা হয়েছে, ব্যক্তি আয়কর থেকে সম্ভাব্য রাজস্বের বড় অংশ উচ্চ আয়ের পরিবারগুলোর কাছ থেকেই আসার কথা। দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি তাদের দেওয়ার কথা। বিপরীতে নিম্নতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। তাই আয়করভিত্তি সম্প্রসারণে উচ্চ আয়ের পরিবারগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

র‌্যাপিডের গবেষণায় আরো দেখা গেছে, ব্যক্তি আয়করের আওতায় সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত কম। দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) মধ্যেও আয়কর রিটার্ন জমার হার সন্তোষজনক নয়। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে রিটার্ন জমার হার ৪৩ দশমিক ১ শতাংশ। কোম্পানির ক্ষেত্রে এ হার মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ। ফলে বিপুল পরিমাণ করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

র‌্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

সম্পদের ৪৭ শতাংশ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে: আয়ের তুলনায় সম্পদের বণ্টনে বৈষম্য আরো প্রকট বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। আর শীর্ষ ১০ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম সম্পদের মালিকানায় থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।

শহরাঞ্চলে সম্পদের কেন্দ্রীভবনের চিত্র আরো উদ্বেগজনক। সেখানে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি।

পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য থেকে ঋণের পরিমাণ বাদ দিয়ে নিট সম্পদের হিসাব করেছেন গবেষকেরা।

গবেষণায় ভ্যাট আদায়ের ক্ষেত্রেও নানা দুর্বলতার চিত্র উঠে এসেছে। ভোক্তারা পণ্য ও সেবা কেনার সময় ভ্যাট পরিশোধ করলেও তার পুরো অর্থ সরকারি কোষাগারে জমা পড়ে না। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভ্যাট সংগ্রহ করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব থাকলেও অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রির তথ্য গোপন এবং যথাযথভাবে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হচ্ছে।

গবেষণায় বলা হয়েছে, ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায়ব্যবস্থার দক্ষতা, কর পরিপালন এবং প্রশাসনিক নজরদারি বাড়ানো গেলে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা সম্ভব।

রাজস্ব খাতে সাত সুপারিশ: দেশের রাজস্বব্যবস্থাকে আরো ন্যায়সংগত, কার্যকর ও স্বচ্ছ করতে সাতটি সুপারিশ করেছে র‌্যাপিড। এগুলোর মধ্যে রয়েছে উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ, ভ্যাটের হার না বাড়িয়ে আদায়ের দক্ষতা ও কর পরিপালন নিশ্চিত করা এবং করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন।

এ ছাড়া সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের পরিপ্রেক্ষিতে উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা, রাজস্ব আহরণের নামে জবরদস্তিমূলক ব্যবস্থা ও করদাতাদের হয়রানি বন্ধ এবং করের আওতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সুপারিশ করা হয়েছে।

সপ্তম সুপারিশে কর প্রশাসনের আধুনিকায়নের পাশাপাশি সরকারি ব্যয়ের গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণায় সামগ্রিকভাবে বলা হয়েছে, শুধু করের হার বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা না করে বিদ্যমান করব্যবস্থার দুর্বলতা দূর করা, উচ্চ আয়ের জনগোষ্ঠীর কাছ থেকে ন্যায্য কর আদায় এবং সম্পদের বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে করদাতাদের আস্থা অর্জন ও করের বিনিময়ে মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করাও জরুরি। 
সানা/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে
২১ নভেম্বর ২০২৬

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইনানুগ প্রক্রিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হ...

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
২১ নভেম্বর ২০২৬

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন

দেশের বিভিন্ন স্থানে গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহন...

এজলাসে ফোন-ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ
২১ নভেম্বর ২০২৬

এজলাসে ফোন-ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ

এজলাসে মোবাইল ফোন বহন ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ দিয়...

বৈশাখী টিভিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হট্টগোল, হেফাজতে ডিএমডি
২১ নভেম্বর ২০২৬

বৈশাখী টিভিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হট্টগোল, হেফাজতে ডিএমডি

রাজধানীর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে হট্টগোল ও ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে