গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

বৈশাখী টিভিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হট্টগোল, হেফাজতে ডিএমডি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৬ এএম ২০২৬
বৈশাখী টিভিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হট্টগোল, হেফাজতে ডিএমডি
ছবি

ডিএমডি টিপু আলম মিলন -ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা কার্যালয়ে অবস্থান নেন। একপর্যায়ে একদল নেতাকর্মী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে হট্টগোল শুরু করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপু আলম মিলনকে হেফাজতে নেয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, তাঁকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বৈশাখী টিভির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা জানান বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। তাঁর অভিযোগ, টিপু আলম মিলন কার্যালয়ে এসে বিএনপিপন্থি সাংবাদিকদের চাকরি ছেড়ে দিতে চাপ দেন। এ খবর পেয়ে তাঁরা সেখানে যান।

মেহেদী হাসান মিশু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে টিপু আলম মিলন নিয়মিত কার্যালয়ে আসতেন না। এখন তাঁর ‘আপা’ আসবেন-এমন ধারণা থেকে তিনি সেদিন কার্যালয়ে এসেছেন। এসেই বিএনপিপন্থি কর্মীদের জোর করে পদত্যাগ করতে বলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা এবং দুর্নীতি দমন কমিশনের মামলাও রয়েছে বলে দাবি করেন মিশু।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলার আসামি সেখানে অবস্থান করছেন-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বৈশাখী টিভির একাধিক কর্মীর ভাষ্য, প্রতিষ্ঠানের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান মিশুর অভিযোগ, টিপু আলম মিলন নাহিয়ানকে পদত্যাগ করতে বলেন এবং তাঁর গায়েও হাত তোলেন। এ খবর পেয়েই তাঁরা কার্যালয়ে যান।

মিশুর দাবি, তিনি আগেই বনানী থানায় ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। টিপু আলম মিলনকে থানায় গিয়ে কথা বলার প্রস্তাবও দেন তাঁরা। তবে পুলিশ আসতে দেরি হওয়ায় এর মধ্যে টিপুর লোকজন তাঁদের পাঁচজনকে মারধর করে রক্তাক্ত করেন।

মারধর ও ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: বিকেল ৪টার দিকে বৈশাখী টিভি নিউজের ফেসবুক পেজ থেকে কার্যালয়ে ‘মব’ সৃষ্টির অভিযোগ তুলে সরাসরি সম্প্রচার করা হয়। নিরাপত্তার স্বার্থে লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি। প্রায় সোয়া চার মিনিটের ওই সম্প্রচারে তাঁকে বলতে শোনা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছেন।

তবে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান মিশু। তাঁর দাবি, তাঁরা কোনো হামলা বা ভাঙচুর করেননি। তাঁদের কাছে ঘটনার ছবি ও ভিডিও রয়েছে। বরং কার্যালয়ের শাটার বন্ধ করে টিপু আলম মিলনের লোকজন তাঁদের পাঁচজনের ওপর অন্তত ২৫ থেকে ৩০ জন মিলে হামলা চালিয়েছেন। পরে পুলিশ এসে মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে টিপু আলম মিলনকে গ্রেফতার করে।

চাকরিচ্যুতির ঘটনাকে কেন্দ্র করে বিরোধ: বৈশাখী টিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ান জানান, প্রায় ১৭ মাস ধরে তিনি প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। শনিবার টিপু আলম মিলন তাঁকে চাকরি ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তিনি নিজের কোনো ভুল না থাকার কথা জানিয়ে তিন মাসের বেতন দিয়ে বিদায় করার প্রস্তাব দেন।

নাহিয়ান বলেন, তিনি তখন টিপু আলম মিলনের কক্ষে বসা ছিলেন। পরে মানবসম্পদ বিভাগ থেকে তাঁকে ডেকে কাগজপত্র ও পাওনা বুঝে নিতে বলা হয়। মানবসম্পদ বিভাগের প্রধানের কক্ষে বসে থাকার সময়ই তিনি খবর পান, লোকজন এসে ডিএমডিকে নিয়ে যাচ্ছে।

তাঁর ভাষ্য, ডিএমডির কক্ষ থেকে মানবসম্পদ বিভাগের কক্ষে যাওয়ার মধ্যবর্তী অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটে। এ কারণে অনেকে মনে করেছেন, তিনিই লোকজন ডেকে এনেছেন। কিন্তু এত অল্প সময়ে এত লোকের আসা সম্ভব নয়। এ অভিযোগে টিপু আলম মিলন তাঁকেও মারধর করেন। পরে পুলিশ এসে বিষয়টি বুঝতে পারলে টিপু তাঁর কাছে দুঃখ প্রকাশ করেন।

নাহিয়ান বলেন, তিনি কাউকে চেনেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। চাকরি ছাড়ার বিষয়ে তাঁকে তিন মাসের বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। চাকরিচ্যুতির খবর পেয়ে লোকজন সেখানে এসেছেন কি না, তা-ও তিনি জানেন না। তাঁর প্রশ্ন, চাকরি ছেড়ে অন্য কোথাও কাজ করার সুযোগ থাকলে তিনি কেন এমন ঘটনা ঘটাতে যাবেন?

ঘটনায় উভয় পক্ষের লোকজনই মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেন নাহিয়ান। তাঁর ভাষায়, ‘দুই পক্ষই দুই পক্ষকে মেরেছে।’

টিপু আলম মিলনকে পুলিশ নিয়ে যাওয়ার পরও চাকরিচ্যুতির সিদ্ধান্ত বহাল না থাকলেও বৈশাখী টিভিতে আর কাজ করতে চান না বলে জানান নাহিয়ান। তাঁর বক্তব্য, সবাই তাঁকে ভুল বুঝছেন এবং তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন। তাই তিনি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন।

পুলিশের হেফাজতে টিপু, বাইরে স্লোগান: শনিবার বিকেল পৌনে ৫টার দিকে টিপু আলম মিলনকে বৈশাখী টিভির কার্যালয় থেকে বের করে নিয়ে যায় পুলিশ।

এর আগে প্রতিষ্ঠানটির সামনে অর্ধশতাধিক মানুষকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।

নিজেকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী পরিচয় দেওয়া সিয়াম নামের একজন দাবি করেন, তাঁরা কার্যালয়ের ভেতরে কোনো ভাঙচুর করেননি। ভাঙচুরের অভিযোগকে তিনি গুজব বলে অভিহিত করেন। তাঁর দাবি, সর্বোচ্চ একটি চেয়ার ভেঙেছে। ওই চেয়ার দিয়ে বৈশাখী টিভির কর্মীরাই তাঁদের একজনকে আঘাত করেছেন। আহত ওই ব্যক্তি বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।

সিয়াম আরো বলেন, ঘটনার সবকিছুর ভিডিও তাঁদের কাছে রয়েছে। জ্যেষ্ঠ নেতারা চাইলে সেগুলো প্রকাশ করা হবে। কার্যালয়ের ভেতরে কোথাও ভাঙচুর হয়েছে কি না, তা সরেজমিনে দেখারও আহ্বান জানান তিনি। ভাঙচুরের অভিযোগের পক্ষে বৈশাখী টিভি কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান সিয়াম।

তবে এ ঘটনায় বৈশাখী টিভি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বলেন, তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে রয়েছেন। সেখানে একটি ঝামেলা হয়েছে বলে শুনেছেন, তবে বিস্তারিত কিছু জানেন না।
সানা/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে
২১ নভেম্বর ২০২৬

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইনানুগ প্রক্রিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হ...

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
২১ নভেম্বর ২০২৬

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন

দেশের বিভিন্ন স্থানে গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহন...

ধনীর তুলনায় গরিবের আয়ে সাত গুণ বেশি ভ্যাটের বোঝা
২১ নভেম্বর ২০২৬

ধনীর তুলনায় গরিবের আয়ে সাত গুণ বেশি ভ্যাটের বোঝা

দেশে মূল্য সংযোজন করের (ভ্যাট) বোঝা ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে দরিদ্র...

এজলাসে ফোন-ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ
২১ নভেম্বর ২০২৬

এজলাসে ফোন-ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ

এজলাসে মোবাইল ফোন বহন ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ দিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে