গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

স্ক্রিনে ডুবে শৈশব, বাড়ছে আসক্তি ও অনলাইন ঝুঁকি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৪ এএম ২০২৬
স্ক্রিনে ডুবে শৈশব, বাড়ছে আসক্তি ও অনলাইন ঝুঁকি
ছবি

শিশুকে শান্ত রাখা কিংবা খাওয়ানোর সুবিধার জন্য হাতে তুলে দেওয়া হচ্ছে স্মার্টফোন-ছবি সংগৃহীত

কর্মব্যস্ত বাবা-মায়ের সময় দিতে না পারা, খেলার মাঠের অভাব আর প্রযুক্তির সহজলভ্যতা-সব মিলিয়ে শিশু-কিশোরদের বড় একটি অংশ ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ওপর। শুরুতে শিশুকে শান্ত রাখা কিংবা খাওয়ানোর সুবিধার জন্য হাতে তুলে দেওয়া হচ্ছে স্মার্টফোন। কিন্তু সেই অভ্যাসই একসময় রূপ নিচ্ছে আসক্তিতে। দেখা দিচ্ছে আচরণগত সমস্যা, আগ্রাসী মনোভাব, ঘুমের ব্যাঘাত ও মনোযোগের ঘাটতি। এর পাশাপাশি অনলাইনে যৌন নির্যাতন, ব্ল্যাকমেইল ও অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও বাড়ছে।

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চাইল্ড গাইডেন্স সেন্টারে মেয়ের কাউন্সেলিং শেষে এমনই এক অভিজ্ঞতার কথা জানান পেশায় ব্যাংক কর্মকর্তা এক মা। তার ১৩ বছর বয়সি মেয়ে ছোটবেলা থেকেই মোবাইল ফোনে ভিডিও দেখা ও গেম খেলার অভ্যাসে অভ্যস্ত। কর্মস্থল থেকে ফিরে ঘরের কাজ করার সময় মেয়েকে শান্ত রাখতে ইউটিউব বা গেম চালু করে দিতেন তিনি। একসময় সেই অভ্যাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি মোবাইল ছাড়া কিছুই বুঝতে চায় না, কারও সঙ্গে মিশতেও আগ্রহী নয়। এমনকি স্কুলে যেতেও অনীহা তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে একদিন বাধ্য হয়ে ওয়াইফাই সংযোগ বন্ধ করে দেন মা। কিন্তু এরপর মেয়ের প্রতিক্রিয়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। শিশুটি হাতের কাছে থাকা জিনিসপত্র ভাঙচুর শুরু করে এবং প্রচণ্ড চিৎকার করতে থাকে।

ওই মা বলেন, তার শান্ত স্বভাবের মেয়েটি কখন স্ক্রিনের প্রতি আসক্ত হয়ে এতা আক্রমণাত্মক হয়ে উঠেছে, তা তিনি বুঝতেই পারেননি। এখন মেয়ের চিকিৎসা চলছে। সাময়িকভাবে শিশুকে শান্ত রাখতে গিয়ে যে ভুল করেছেন, সেটি এখন উপলব্ধি করছেন তিনি।

এমন অভিজ্ঞতা শুধু একটি পরিবারের নয়। কর্মজীবী আরেক দম্পতির পাঁচ বছর বয়সি ছেলেও দিনের বেশিরভাগ সময় কাটায় নানা-নানির কাছে। সকালে ঘুম থেকে উঠেই কার্টুন দেখার জন্য ফোন চায়। খাওয়ার সময়ও ফোন ছাড়া চলে না। ফোন না পেলে কান্নাকাটি শুরু করে। পরে বিকল্প হিসেবে তাকে একটি টেলিভিশন কিনে দেওয়া হয়েছে, যেখানে শিক্ষামূলক কার্টুন দেখানো হয়। পরিবারের ভাষ্য, এলাকায় শিশুদের জন্য পার্ক বা খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঘরেই তার সময় কাটে।

আবার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের বাবা উদ্বেগ প্রকাশ করে জানান, পড়াশোনা ও যোগাযোগের সুবিধার জন্য ছেলেকে স্মার্টফোন কিনে দিয়েছিলেন। কিন্তু একদিন ছেলের ফোনে এমন কিছু বিজ্ঞাপন দেখতে পান, যা প্রাপ্তবয়স্কদের জন্যও অস্বস্তিকর। ছেলে জানায়, গেম খেলার সময় বিজ্ঞাপনগুলো স্বয়ংক্রিয়ভাবে এসেছে। বাবা নিজে পরীক্ষা করেও একই ধরনের বিজ্ঞাপন দেখতে পান। তার প্রশ্ন, ১৪ বছর বয়সি একটি শিশুর ফোনে বারবার এমন ভিডিও আসছে কীভাবে, আর অভিভাবকেরাই বা কীভাবে এসব নিয়ন্ত্রণ করবেন?

তবে সচেতন উদ্যোগে শিশুদের মোবাইলের প্রতি নির্ভরতা কমানো সম্ভব, এমন উদাহরণও রয়েছে। রাজধানীর ধানমন্ডির নালন্দা উচ্চ বিদ্যালয়ের চার ও পাঁচ বছর বয়সি দুই শিশুর এক মা জানান, সন্তানদের মোবাইল থেকে দূরে রাখতে প্রথমে টেলিভিশনে কার্টুন দেখার বিকল্প তৈরি করেন। প্রয়োজন হলে তাদের নিয়ে বাইরে ঘুরতে যেতেন। ধীরে ধীরে শিশুরা মোবাইলের ক্ষতিকর দিক সম্পর্কে বুঝতে শেখে। এখন সামনে ফোন থাকলেও তারা সেটি দেখতে আগ্রহী হয় না।

গবেষণায় উদ্বেগজনক চিত্র: শিশুদের ডিভাইস-নির্ভরতার ব্যাপকতা উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায়। পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মাদ নাজমুল হকের তত্ত্বাবধানে তিন গবেষকের পরিচালিত গবেষণাটি প্রকাশিত হয় ‘জার্নাল অব অ্যাফেক্টিভ ডিসঅর্ডারস’ সাময়িকীতে।

অধ্যাপক নাজমুল হক জানান, ২০২৩ সালে ঢাকা শহরের তিন থেকে পাঁচ বছর বয়সি প্রাক্-প্রাথমিক পর্যায়ের শিশুদের মধ্যে মোবাইল ও গণমাধ্যমে আসক্তি নিয়ে গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখা যায়, ঢাকার প্রায় ৮৬ শতাংশ প্রাক্-প্রাথমিক বয়সি শিশু স্মার্টফোনে আসক্ত। তাদের মধ্যে ২৯ শতাংশের আসক্তির মাত্রা গুরুতর। গবেষণায় আরো দেখা যায়, ৯২ শতাংশ শিশু মা-বাবার স্মার্টফোন ব্যবহার করে। মাত্র ৮ শতাংশ শিশুর নিজস্ব স্মার্টফোন রয়েছে।

গবেষণাটি শুধু ঢাকাকেন্দ্রিক হওয়ায় এর মাধ্যমে সারা দেশের পরিস্থিতি বোঝা সম্ভব নয়। অধ্যাপক নাজমুল হক জানান, এরপর এ বিষয়ে দেশে জাতীয় পর্যায়ে কোনো জরিপ বা গবেষণা হয়নি।

গবেষণায় শিশুদের মধ্যে আগ্রাসী আচরণ, আচরণগত সমস্যা ও ঘুমের ব্যাঘাতের প্রবণতা পাওয়া গেছে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে মা-বাবার ব্যস্ততা, বিশেষ করে যে পরিবারে দুজনই কর্মজীবী, সেখানে শিশুদের আসক্তির মাত্রা বেশি। পাশাপাশি খেলার মাঠের অভাবও বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

অধ্যাপক নাজমুল হকের মতে, তিন বছরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এখন শুধু শিশু নয়, তরুণদের মধ্যেও এ সমস্যা বড় আকার ধারণ করছে। স্কুলগামী শিশুদের জীবনের উল্লেখযোগ্য সময় স্ক্রিন দখল করে নেওয়ায় তাদের মনোযোগ ও একাগ্রতায় সমস্যা তৈরি হচ্ছে।

অনলাইন যৌন নির্যাতনের ঝুঁকি: শুধু আসক্তি নয়, ইন্টারনেট ব্যবহারের কারণে শিশু-কিশোরদের নিরাপত্তাও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতউল্লাহ ভূঁইয়া সংস্থাটির সাম্প্রতিক এক গবেষণার তথ্য তুলে ধরে জানান, দেশে ইন্টারনেট ব্যবহারকারী কিশোর-কিশোরীদের প্রায় ৫৩ শতাংশ অন্তত এক ধরনের অনলাইন যৌন নির্যাতনের শিকার হয়েছে।

গবেষণায় নির্যাতনের ধরন হিসেবে দেখা গেছে, আক্রান্তদের ৫৩ শতাংশ অনলাইন গ্রুমিং, ৩৮ শতাংশ সাইবার ফ্ল্যাশিং বা যৌনাঙ্গের ছবি পাঠানো, ৩৫ শতাংশ যৌন বার্তা বিনিময়সংক্রান্ত নির্যাতন, ১৮ শতাংশ যৌন প্রস্তাব বা অনাকাঙ্ক্ষিত অনুরোধ এবং ১২ শতাংশ যৌন হয়রানির মাধ্যমে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে।

এ এস এম রহমতউল্লাহ ভূঁইয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের সক্রিয়তা বাড়ার সুযোগ নিয়ে বিভিন্ন অপরাধী চক্র অনাকাঙ্ক্ষিত প্রস্তাব, অনলাইন ব্ল্যাকমেইল, যৌন হয়রানির মাধ্যমে অর্থ আদায়, গ্রুমিং, ছদ্মপরিচয়ে প্রতারণা, ছবিভিত্তিক নির্যাতন এবং শিশু যৌন নিপীড়নমূলক উপাদান ছড়িয়ে দেওয়ার মতো অপরাধে জড়াচ্ছে। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে সরাসরি সম্প্রচারভিত্তিক শোষণ ও প্রযুক্তিনির্ভর পাচার নেটওয়ার্ক।

কীভাবে তৈরি হচ্ছে আসক্তি: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক সাইফুন নাহার জানান, টডলার বা তিন বছর পর্যন্ত বয়সি শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরীদের মধ্যে ডিভাইস আসক্তি ও আচরণগত আসক্তিজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকেই। মোবাইল, স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট আসক্তি মূলত একই ধরনের সমস্যার ভিন্ন প্রকাশ। কিশোরদের মধ্যে অনলাইন জুয়া ও মাদকাসক্তির প্রবণতাও উদ্বেগজনক। তার ভাষায়, সব ধরনের আসক্তিই মস্তিষ্কের একই ধরনের স্নায়বিক পথকে প্রভাবিত করে।

শিশুর হাতে ডিভাইস তুলে দেওয়ার অভ্যাস অনেক সময় শুরু হয় খাওয়ানোর সুবিধার জন্য। ছোট শিশুকে ইউটিউবে গল্প বা ভিডিও দেখিয়ে খাবার খাওয়ানো হয়। এতে শিশু দ্রুত খেয়ে নেয় বলে অভিভাবকেরা স্বস্তি পান। কিন্তু ধীরে ধীরে খাবারের সঙ্গে স্ক্রিন দেখার একটি সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে মোবাইল ছাড়া শিশু খেতেই চায় না। তখন অভ্যাসটি থেকে বের করে আনা কঠিন হয়ে পড়ে।

অধ্যাপক সাইফুন নাহার বলেন, বর্তমানের একক পরিবারগুলোতে সাধারণত এক বা দুটি সন্তান থাকে। বাবা-মা দুজনই কর্মজীবী হওয়ায় শিশুদের খেলার সঙ্গী কিংবা গল্প করার মানুষের অভাব তৈরি হয়। বাইরে খেলার মাঠ ও সময় দেওয়ার সুযোগও কম। এই একাকিত্ব দূর করতে শিশুরা নিজেদের আনন্দের উপকরণ হিসেবে স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ে।

কোভিড মহামারির সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাসের জন্য শিশুদের ডিভাইস ব্যবহারের সুযোগ বাড়ানো হয়েছিল। স্বাভাবিক জীবন ফিরে আসার পরও অনেক শিশু সেই অভ্যাস থেকে বের হতে পারেনি। বিভিন্ন গবেষণার তথ্য উল্লেখ করে অধ্যাপক সাইফুন নাহার বলেন, এখন অনেক শিশু দিনে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত স্ক্রিন ব্যবহার করছে।

আয়ের আকর্ষণ ও মস্তিষ্কে প্রভাব: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অর্থ উপার্জনের সুযোগও শিশু-কিশোরদের ডিভাইসের প্রতি আকর্ষণ বাড়াচ্ছে বলে মনে করেন অধ্যাপক সাইফুন নাহার। টিকটক ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে সন্তানের পরিচিতি বা আয় তৈরি হলে অনেক অভিভাবকও পরোক্ষভাবে উৎসাহ দেন। লাইক ও অনুসারী বাড়লেই সন্তানকে তারকা ভাবতে শুরু করেন কেউ কেউ। কিন্তু এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে সচেতনতা কম।

তার মতে, অনলাইন গেম, টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট এমনভাবে তৈরি করা হয়, যা মস্তিষ্কের ডোপামিন ও নিয়ন্ত্রণব্যবস্থায় প্রভাব ফেলে। দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে নেতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। এতে শিশুদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায় এবং তারা মানসিকভাবে ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ফলে মাথাব্যথা, চোখের সমস্যা ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। অনেক শিশু আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা হারায়। তবে এসব পরিবর্তন সহজে অভিভাবকদের চোখে পড়ে না।

অধ্যাপক সাইফুন নাহার জানান, অধিকাংশ অভিভাবক শুরুতে সমস্যার লক্ষণ শনাক্ত করতে পারেন না। পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে ঘরে ভাঙচুর, অতিরিক্ত রাগ, বাবা-মায়ের সঙ্গে অসদাচরণ, এমনকি আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলে তারা চিকিৎসকের শরণাপন্ন হন। অথচ শুরুতেই লক্ষণগুলো বুঝতে পারলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব।

অ্যালগরিদমের ফাঁদে শিশুরা: শিশুদের ফোনে বয়স-অনুপযোগী বিজ্ঞাপন ও কনটেন্ট আসার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের ভূমিকা রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হক। তার মতে, ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ১৩ বছর বয়সের সীমা থাকলেও তা সহজেই এড়িয়ে যাওয়া যায়। বয়স যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় শিশুদের জন্য অনুপযোগী কনটেন্ট ও বিজ্ঞাপনও তাদের সামনে চলে আসে।

সাইফুল হক বলেন, বাংলাদেশ ও ইউরোপ-আমেরিকার শিশুদের সামাজিক বাস্তবতা ও শিক্ষাব্যবস্থা এক নয়। তাই সব অঞ্চলের জন্য একই বয়সসীমা কার্যকর নাও হতে পারে। তার ব্যক্তিগত অভিমত, ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা ও সচেতনতা বিবেচনায় বয়সসীমা অন্তত ১৫-১৬ বছর হওয়া উচিত। তবে শুধু বয়সসীমা বাড়ালেই সমস্যার সমাধান হবে না। কারণ ছয়-সাত বছর বয়স থেকেই শিশুদের ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত করে তোলা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের মাধ্যমে বয়স যাচাই করা হয় না। ফলে জন্মসাল পরিবর্তন করে সহজেই বয়সসীমা এড়িয়ে যাওয়া সম্ভব। আবার শিশুরা অনেক সময় নিজেদের অ্যাকাউন্টের পরিবর্তে মা-বাবার অ্যাকাউন্ট ব্যবহার করে। ফলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের আগের ব্যবহার ও পছন্দ অনুযায়ী অ্যালগরিদম শিশুদের সামনে কনটেন্ট ও বিজ্ঞাপন তুলে ধরে।

সাইফুল হকের মতে, কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ব্যবসায়িক স্বার্থ বড় ভূমিকা রাখে। ব্যবহারকারী যত বেশি সময় স্ক্রিনে থাকবেন, বিজ্ঞাপন থেকে প্ল্যাটফর্মের আয় তত বাড়বে। তাই দর্শকের সম্পৃক্ততা বাড়াতে অ্যালগরিদম এমনভাবে সাজানো হয়, যাতে তারা দীর্ঘ সময় স্ক্রিনে আটকে থাকেন।

ডিভাইস ব্যবহারের স্বাস্থ্যকর নীতি নির্ধারণও সহজ নয় বলে মনে করেন তিনি। এ সমস্যা মোকাবিলায় অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সরকারকে যুক্ত করে সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন এই শিক্ষক। তার পরামর্শ, স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মশালা আয়োজন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কাউন্সেলিং সেল স্থাপন এবং সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে।

প্রযুক্তির চেয়ে বড় সামাজিক সংকট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অশোক কুমার সাহা শিশুদের ডিভাইস-নির্ভরতাকে প্রযুক্তির চেয়ে বেশি সামাজিক কাঠামোর সমস্যা হিসেবে দেখছেন। তার মতে, সহজে ডিভাইস ব্যবহারের সুযোগের পাশাপাশি যথাযথ অভিভাবকত্ব ও ইন্টারনেট ব্যবহারের সচেতনতার অভাব এ সংকট বাড়াচ্ছে।

তিনি বলেন, আগে বাবা ব্যস্ত থাকলেও মা সন্তানদের দেখাশোনা করতেন। এখন মা-বাবা দুজনই কর্মজীবী। ফলে সন্তানকে গৃহকর্মীর কাছে রাখবেন, নাকি ডিভাইসের হাতে ছেড়ে দেবেন-এমন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক অভিভাবক। জীবিকার প্রয়োজনে তাদের ব্যস্ত থাকতে হয়। তাই বিষয়টি শুধু প্রযুক্তির সমস্যা নয়, বরং সামাজিক কাঠামোর পরিবর্তনের সঙ্গেও গভীরভাবে জড়িত।

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতউল্লাহ ভূঁইয়াও শিশুদের অনলাইন নিরাপত্তায় সচেতনতার ঘাটতিকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, বিপুলসংখ্যক শিশুর নিরাপদ অনলাইন আচরণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও ডিজিটাল দক্ষতা নেই। অন্যদিকে অভিভাবক, শিক্ষক ও সেবাদানকারীরাও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন।

প্রতিরোধে প্রয়োজন পরিবার ও রাষ্ট্রের উদ্যোগ: শিশুদের ডিভাইস আসক্তি থেকে রক্ষা করতে অধ্যাপক সাইফুন নাহার অভিভাবকদের প্রতিরোধমূলক ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, সন্তান কখন আসক্তির দিকে ঝুঁকছে, কী কী লক্ষণ দেখা যাচ্ছে এবং কীভাবে তা মোকাবিলা করতে হবে-এসব বিষয়ে মা-বাবাকে আগে থেকেই সচেতন থাকতে হবে।

তিনি বলেন, সন্তানকে শুধু একই ঘরে বসিয়ে রাখলেই মানসম্মত সময় দেওয়া হয় না। তার সঙ্গে আন্তরিক যোগাযোগ তৈরি করতে হবে। চাপ সৃষ্টি না করে গল্পের ছলে কথা বলতে হবে, যাতে সন্তান মা-বাবাকে বন্ধু মনে করে নিজের সব কথা স্বতঃস্ফূর্তভাবে জানাতে পারে। সহজ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে সন্তান অনেক বিষয় ভয়ে গোপন করে।

শিশুদের খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি পরিবারের পক্ষ থেকে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দেন এই মনোরোগ বিশেষজ্ঞ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড সাইকিয়াট্রি বিভাগে প্রতিদিন শিশুদের বহির্বিভাগীয় চিকিৎসা এবং সপ্তাহে একদিন চাইল্ড গাইডেন্স ক্লিনিক পরিচালিত হয়। সেখানে কাউন্সেলিং, রোগ সম্পর্কে ধারণা ও চিকিৎসাব্যবস্থাপনার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা বাড়াতে সেমিনার ও কর্মশালা আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি।

এ এস এম রহমতউল্লাহ ভূঁইয়া বলেন, শিশুদের ডিজিটাল সুরক্ষায় অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো, ডিজিটাল সহনশীলতা তৈরি, সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা জোরদার এবং বহুমাত্রিক সামাজিক ও সরকারি উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের হাতে ডিভাইস তুলে দেওয়ার আগে তার প্রয়োজন, বয়স ও ব্যবহারের উদ্দেশ্য বিবেচনা করা জরুরি। প্রযুক্তি থেকে শিশুদের পুরোপুরি বিচ্ছিন্ন করা নয়, বরং নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং পরিবারে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাই এই সংকট মোকাবিলার অন্যতম পথ।


সানা/কেএমএএ/আপ্র/২১/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে
২১ নভেম্বর ২০২৬

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইনানুগ প্রক্রিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হ...

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
২১ নভেম্বর ২০২৬

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন

দেশের বিভিন্ন স্থানে গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহন...

ধনীর তুলনায় গরিবের আয়ে সাত গুণ বেশি ভ্যাটের বোঝা
২১ নভেম্বর ২০২৬

ধনীর তুলনায় গরিবের আয়ে সাত গুণ বেশি ভ্যাটের বোঝা

দেশে মূল্য সংযোজন করের (ভ্যাট) বোঝা ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে দরিদ্র...

এজলাসে ফোন-ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ
২১ নভেম্বর ২০২৬

এজলাসে ফোন-ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ

এজলাসে মোবাইল ফোন বহন ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ দিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে