দেশের বিভিন্ন স্থানে গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মোট ৩৯টি মামলা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের তিনটি স্থাপনা ও একটি গাড়ি।
এসব ঘটনায় দায়ের করা ৩৯টি মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়াসহ নানা কার্যক্রম চলছে।
নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন কামারুম মুনিরা।
সানা/আপ্র/২১/১১/২০২৬