এজলাসে মোবাইল ফোন বহন ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে আদালতের ভেতরে ও বাইরে বিচারকদের আচরণে মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব নির্দেশনা দেন প্রধান বিচারপতি।
বিচারপ্রক্রিয়া দ্রুত করা, মামলার ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং বিচারিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিচারকদের সক্ষমতা অনুযায়ী মামলার কার্যতালিকা প্রস্তুত করতে হবে। শুনানি শেষে এজলাসেই পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথি নিরাপদে সংরক্ষণ এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে।
বিচারকাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনীয় তথ্য ও আইনি সূত্র খুঁজতে বিচারকরা এআই ব্যবহার করতে পারবেন। তবে রায় প্রস্তুত বা লেখার কাজে এর ওপর নির্ভর করা যাবে না। রায়ের কার্যকরী অংশ বিচারককে নিজ হাতে লিখতে হবে। এ ক্ষেত্রে বিচারকের নিজস্ব বিচারিক বিবেচনা, বুদ্ধিমত্তা, যুক্তি ও আইনি বিশ্লেষণই প্রাধান্য পাবে।
তিনি বলেন, বিচারকাজে আইনের পাশাপাশি সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গিও বিবেচনায় রাখতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের পরামর্শ দেন তিনি।
প্রধান বিচারপতি আদালতে বিচারপ্রার্থীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন।
শুনানির সময় আইনজীবীদের অপ্রয়োজনীয় দীর্ঘ বক্তব্য পরিহারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, শুনানির সময়সীমা নির্দিষ্ট ও সুনির্দিষ্ট হওয়া উচিত। মামলার মুলতবি যেন নিয়মিত চর্চায় পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে হাই কোর্ট বিভাগের বিচারপতি ও অধস্তন আদালত তদারকি কমিটির চট্টগ্রাম-১-এর বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন।
সানা/আপ্র/২১/১১/২০২৬