গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

হাসপাতালের অবহেলা ও অসাবধানতায় রোগীর মৃত্যু কি হত্যা নয়?

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৭ এএম ২০২৬
হাসপাতালের অবহেলা ও অসাবধানতায় রোগীর মৃত্যু কি হত্যা নয়?
ছবি

ছবি সংগৃহীত

শাহানা হুদা রঞ্জনা

মা-বাবার কোল আলো করে শিশুটি এল ঠিকই, কিন্তু বাঁচল না। একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) ইনকিউবেটরে আগুন লেগে পুড়ে মারা গেল সে। মায়ের কোল ছেড়ে এখন সে মর্গের হিমশীতল কক্ষে শুয়ে আছে বিচারের অপেক্ষায়। নিরাপদভাবে সন্তান জন্মদানের জন্য বগুড়ার কাহালু থেকে এসেও সন্তানকে বাঁচাতে পারলেন না মা-বাবা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ফাঁকা না থাকায় দালালের পরামর্শে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ইনকিউবেটর যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এতে নবজাতকটির শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুর্ঘটনাবশত এই আগুন লেগেছে। এটা মিথ্যা। দালাল ও দালালের সহযোগী এই হাসপাতাল নবজাতকটিকে হত্যা করেছে। এর আগেও আদ্-দ্বীন হাসপাতালে জন্মের পরপরই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কারিগরি ত্রুটির কারণে মারা গেছে ছয়জন নবজাতক। একটি শিশু তার মা-বাবা ও পরিবারের কাছে যে ভীষণ মূল্যবান, এসব ঘটনার কথা শুনলে তা মনে হয় না।

এই লেখা লিখতে লিখতেই খবরে দেখলাম, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জানালায় গ্রিল না থাকায় ছয়তলা থেকে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে ওয়ার্ডে শয্যা না পেয়ে এক বৃদ্ধ রোগী হাসপাতালের সংযোগকারী পদচারী-সেতুতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে রেলিং ভাঙা থাকায় অসাবধানতাবশত দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত জুলাই মাসেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে পড়ে ২০ বছর বয়সী চিকিৎসাধীন এক তরুণীর মৃত্যু হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে নিচে পড়ে এক শিশু মারা গেছে। সম্প্রতি ঢাকার পিজি হাসপাতাল থেকে পড়ে এক কিশোরী এবং বারডেম হাসপাতালের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে। বগুড়া, রাজশাহী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরপর ঘটে যাওয়া এসব দুর্ঘটনা দেশের সরকারি হাসপাতালগুলোর ভৌত অবকাঠামোগত ঝুঁকি ও নিরাপত্তার ঘাটতিকে সামনে নিয়ে এসেছে। এই ধরনের অসচেতনতার যেন কোনো শেষ নেই। একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, কর্তৃপক্ষ নির্বিকার। একজন সাংবাদিকের দ্বিতীয় সন্তানটি নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা দরকার। কিন্তু রাজশাহীর মতো একটি বিভাগীয় শহরে নবজাতকদের জন্য নিবিড় পরিচর্যাকেন্দ্র নেই। তাই শিশুটিকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় নিয়ে আসা হয়েছে। এই সময়ক্ষেপণ ও টানাহেঁচড়ায় নবজাতকের অবস্থা খারাপ হয়ে গেছে।

শুধু রাজশাহী নয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও নিবিড় পরিচর্যাকেন্দ্র নেই। আমার এক ভাইয়ের দুই মাসের বাচ্চা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ঢাকায় আনার আয়োজন করতে করতেই মারা গেল। বাধ্য হয়ে শিশুটিকে একটি বেসরকারি ক্লিনিকে রাখা হয়েছিল। সেখানে দুই মাসের শিশুকে ঘুমের ওষুধ দিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এসব বড় বড় সরকারি হাসপাতালে যে নিবিড় পরিচর্যাকেন্দ্র নেই, ভুক্তভোগী হওয়ার আগে এটা অনেকের জানাই ছিল না। অন্যান্য জেলা শহরে শিশুদের জীবন বাঁচানোর মতো পর্যাপ্ত সুযোগ নেই। সব সুবিধা ঢাকার জন্য। এই সুবিধাগুলো সারা দেশে ছড়িয়ে দিতে হবে, সরকার এটা কবে জানবে? কবে ব্যবস্থা নেবে?

এদিকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বেশ কয়েকটি সরকারি হাসপাতালে ঘুরে সেখানকার খাবারের মান পরীক্ষা করে জানিয়েছেন, খাবারের মান খুব ভালো। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে রিং বসানো হয়েছে। তার স্বজনেরা বলেছেন, “দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।” কিন্তু স্বাস্থ্যমন্ত্রী দেশের কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নেননি। তিনি পাঁচ তারকা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ প্রসঙ্গে শুধু এ কথাটাই বলতে চাই, তার উচিত ছিল সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া। সুযোগ পাওয়া গেলে সরকারি হাসপাতালের চিকিৎসার মান ও চিকিৎসকদের মানও ভালো হয়। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষ সাহস পেতেন।

এবার আসি বাংলাদেশে চিকিৎসাব্যবস্থার অন্যান্য প্রসঙ্গে। দেশে বর্তমানে প্রতি ১ হাজার ৮৪৭ জন মানুষের জন্য মাত্র একজন নিবন্ধিত চিকিৎসক রয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী প্রতি ১ হাজার জন মানুষের বিপরীতে সরকারি চিকিৎসক রয়েছেন মাত্র ০.১৮ জন। এরকম একটা অবস্থায় বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা মানুষের স্বাস্থ্যসংকটে কতটুকু ভরসা হয়ে উঠতে পারে, তা সত্যিই ভাবনার বিষয়। ঢাকাকেন্দ্রিক বা বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা, দালালের দৌরাত্ম্য, দেশের দূর-দূরান্ত থেকে প্রতিদিন লাখো মানুষের শহরে আগমন, শহরজুড়ে বেসরকারি হাসপাতাল ও মানহীন ক্লিনিকের সংখ্যা আমাদের উদ্বিগ্ন করে তুলছে।

সারা দেশের চিকিৎসাব্যবস্থা আরও খারাপ। দুর্বল অবকাঠামো, চিকিৎসকের অভাব, দুর্বল সেবাব্যবস্থা, যন্ত্রপাতি ও শয্যার অভাব মানুষকে অসহায় করে তুলেছে। কমিউনিটি ক্লিনিকগুলো একসময় সহায়ক হিসেবে কাজ করত। সেগুলোও একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সংকট জরুরি সেবা নিয়ে। যেমন: ওষুধ, নিবিড় পরিচর্যাকেন্দ্র, আইসিইউ, ইনকিউবেটর, অক্সিজেন ও ইনজেকশনের অভাব। বিশেষ করে শিশুদের জন্য কোথাও কোনো সহায়তা নেই। সাপে কাটলেও রোগীর জন্য চিকিৎসা পাওয়া যায় না। এ দেশে জরুরি মুহূর্তে একজন মুমূর্ষু রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না। উপযুক্ত ও সাশ্রয়ী চিকিৎসা কতজন মানুষের নাগালের মধ্যে আছে? যেকোনো চিকিৎসার জন্য এত বেশি ব্যয় হয়, যা এ দেশের শতকরা ৮০ ভাগ মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। সঠিক চিকিৎসার জন্য বড় বাধা আর্থিক সামর্থ্য।

চর ও দুর্গম পাহাড়ি এলাকার মানুষের অবস্থা আরও কঠিন। কবিরাজ, ওঝা ও স্থানীয় বৈদ্য ছাড়া হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া প্রায় অসম্ভব। জেলা-উপজেলায় হাসপাতাল থাকা সত্ত্বেও অনেক মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য নয়। অপ্রিয় কথা হলো, হাসপাতাল থাকা সত্ত্বেও গ্রাম ও শহরের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা আমরা নিশ্চিত করতে পারছি না; এমনকি ঢাকাতেও বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি ও বিশেষায়িত হাসপাতালের উপস্থিতি থাকলেও সেসব প্রতিষ্ঠানের সেবা সবাই নিতে পারেন না। একজন রোগী হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারলেও চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ কিংবা হাসপাতালে ভর্তির ব্যয় তার আর্থিক নাগালের বাইরে চলে যায়। ফলে অধিকাংশ মানুষের পক্ষে স্বাস্থ্যসেবা পাওয়া আর সম্ভব হয়ে ওঠে না।

দেশে ভালোমানের পাঁচতারকা হাসপাতাল হলে সাধারণ মানুষের কোনো লাভ নেই। সেখানে হয়তো ভালো পরিবেশ, চিকিৎসার ব্যবস্থা ও চিকিৎসক আছেন। কিন্তু এ দেশের ৬-৭ শতাংশের বেশি মানুষ সেগুলোর দরজায় যেতে পারেন না। কেউ যদি চলেও যান, তাকে কপর্দকশূন্য হয়ে ফিরতে হয়। কাজেই সব সময় বলা হচ্ছে সরকারি ও আধা সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকগুলোকে শক্তিশালী করার কথা। খাবারের মান বৃদ্ধির চেয়েও জরুরি হচ্ছে চিকিৎসা সহায়তা বৃদ্ধি করা। এমন ব্যবস্থা করা- যাতে রোগী হাসপাতালে পৌঁছানোর পর ন্যূনতম একটি চিকিৎসা পান।

স্বাস্থ্যসেবা মানুষের প্রথম অধিকারগুলোর একটি। কোথায় নতুন হাসপাতাল প্রয়োজন, কোথায় সেবার সম্প্রসারণ প্রয়োজন এবং কোন এলাকাগুলো এখনো সেবাবঞ্চিত, সে বিষয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। শুধু ঢাকা ও অন্যান্য শহর নয়, পুরো দেশের জন্য চাই ভারসাম্যপূর্ণ স্বাস্থ্যব্যবস্থা। কথায় নয়, কাজে আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা চাই, যেখানে মানুষের স্বাস্থ্যচাহিদা থাকবে পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে। সে ক্ষেত্রে সবচেয়ে জরুরি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো।

দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিশেষায়িত হাসপাতাল, উন্নত পরীক্ষাগার ও বিশেষজ্ঞ চিকিৎসক খুব দরকার। প্রতিটি জেলা হাসপাতালে প্রয়োজনীয় আইসিইউ, সিসিইউ, অস্ত্রোপচারকক্ষ ও ডায়ালাইসিস ইউনিট স্থাপন এবং উপজেলা পর্যায়ে জরুরি চিকিৎসা ও প্রাথমিক রোগনির্ণয়ের সুবিধা নিশ্চিত করা জরুরি। সবকিছু রাজধানীতে কেন্দ্রীভূত হওয়ায় এখানে বেড়েছে দালাল ও মানহীন হাসপাতালের সংখ্যা। এগুলোতে কাজও করছেন মানহীন চিকিৎসকেরা। এসব ক্লিনিক একটা বড় ফাঁদ, যেখানে নেই কোনো জবাবদিহি ও তদারকির ব্যবস্থা। কেউ একবার এই ফাঁদে পা দিলে তাকে আর বেঁচে ফেরানো যায় না। গ্রামগঞ্জ ও অন্য জেলা থেকে আসা মানুষ খুব সহজেই এদের খপ্পরে পড়েন।

আমরা চাই, সরকার ‘অনুমোদনহীন এবং অনবায়নকৃত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিক। কোনো হাসপাতালের অবহেলা ও অসাবধানতায় যেন একজন রোগীও মারা না যান। চিকিৎসা করতে এসে হাসপাতালের বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, ইনকিউবেটরে নবজাতক পুড়ে যাওয়াও তাই। এগুলো সব হত্যা, মানুষ হত্যা।

লেখক: যোগাযোগ বিশেষজ্ঞ ও কলামিস্ট


কেএমএএ/আপ্র/২০.১১.২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৪৭
২০ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৪৭

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরো তিনজনের ম...

হামের উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু, মোট ১,৩৪১
২০ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু, মোট ১,৩৪১

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হ...

ধূমপান ও বায়ুদূষণে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
১৯ নভেম্বর ২০২৬

ধূমপান ও বায়ুদূষণে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে