গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৩ এএম ২০২৬
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত
ছবি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল -ছবি সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ‘সীমান্তের ওপারের’ প্রভুদের নির্দেশে পরিচালিত হচ্ছে- প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসা-বাণিজ্য ও গণপরিবহন বন্ধের চেষ্টা করলে বাংলাদেশের কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন সরকার প্রত্যাখ্যান করার প্রতিবাদে এক সপ্তাহের কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন কর্মসূচি পালন করে দলটি। ২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার উত্তরাঞ্চলের লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আওয়ামী লীগ নেতারা কখনো বাংলাদেশ ও এ দেশের মানুষের স্বার্থের কথা ভাবেননি। ভারতের নাম উল্লেখ না করে তিনি বলেন, যে দেশে তারা পালিয়ে গেছেন, সীমান্তের ওপারের সেই দেশই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তারা আবারো বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবশ্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে নয়াদিল্লির আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের যৌথ ইতিহাস ও জনগণের সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।’

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি মূলত দক্ষিণাঞ্চলে বেশি কার্যকর হয়েছে। ওই অঞ্চলে দলটির শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্ষমতাসীন বিএনপির দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

এদিকে লন্ডনভিত্তিক শেখ হাসিনার আইনজীবীরা বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দ্বিতীয়বারের মতো আবেদন পাঠিয়েছেন। চলতি মাসের শুরুতে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি প্রথম পাসপোর্টের আবেদন করেছিলেন। তবে ঢাকার কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন এবং তাঁকে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো হালনাগাদ তথ্য নেই। এর আগে তিনি জানিয়েছিলেন, প্রত্যর্পণের অনুরোধ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী তা নিষ্পত্তি করা হবে।

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়েও সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ পানি ও অভিন্ন নদীসংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবস্থা হলো যৌথ নদী কমিশন। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: হিন্দুস্তান টাইমস
সানা/আপ্র/২০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার
২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার

রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অ...

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
২০ নভেম্বর ২০২৬

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বা...

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ
২০ নভেম্বর ২০২৬

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি, সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশ...

জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি
২০ নভেম্বর ২০২৬

জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি

ভারতের কোমল পানীয়ের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জিরার স্বাদযুক্ত ঝাঁঝালো পানীয় ‘জিরা পানি’। দেশীয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে