রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী সন্তান আরএস রহমান, স্বামী আবদুর রহমানসহ আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক। বিশেষ করে শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সাবাসহ একই বাসায় থাকা পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পরপরই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অন্যরা হলেন সাবার স্বামী আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও শামসুন নাহার (৫০)। শামসুন নাহার তাঁর মেয়ে সানজিদাকে নিয়ে ওই বাসায় সাবলেটে থাকতেন। তিনি জানান, আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং শামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের প্রত্যেকের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেড় বছর বয়সী শিশু আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, শিশু রহমানসহ চিকিৎসাধীন চারজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
সানা/কেএমএএ/আপ্র/২০/১১/২০২৬