অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেয়েছেন ৪৭ জন অসহায় ও হতদরিদ্র মানুষ। তাঁদের মধ্যে ১৯ জনের ছানি অপারেশন করা হয়েছে। বাকি ২৮ জনকে চক্ষু পরীক্ষা শেষে চশমা দেওয়া হয়েছে।
গত ১৮ নভেম্বর রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এ চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এ কার্যক্রম বাস্তবায়ন করে। এতে ব্র্যাক হেলথ প্রোগ্রাম ও বাজিতপুর ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করে।
চক্ষু সেবা কার্যক্রমে দায়িত্ব পালনকারী চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাগর দত্ত বলেন, ১৯ জন রোগীর ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এছাড়া ২৮ জনের চোখ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়া হয়েছে।
ব্র্যাকের হেলথ প্রোগ্রামের এফও মহিবুল হাসান জানান, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মোট ৪৭ জন অসহায় ও হতদরিদ্র রোগীকে এ সেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনের ছানি অপারেশন এবং ২৮ জনকে চক্ষু পরীক্ষা শেষে চশমা দেওয়া হয়।
চক্ষু সেবা কার্যক্রম পরিদর্শন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসোনা খাইরুন্নেসা। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. সাগর দত্ত, ব্র্যাক ডিবিসির সমন্বয়কারী মিতু দেবনাথ, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আব্দুল জলিল, ম্যানেজার রফিকুল ইসলাম এবং রাজৈর হেলথ প্রোগ্রামের এফও মহিবুল হাসান।
সানা/আপ্র/২০/১১/২০২৬