রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির দাবি, রায়টি সর্বসম্মত নয়। তবে রায় পর্যালোচনা ও এর বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য সরকারের আরো সময় প্রয়োজন।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিডোয় এক সংবাদ সম্মেলনে জান্তা সরকারের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, ১৫ বিচারকের সবাই রায়ের সঙ্গে একমত হননি। তাঁদের মধ্যে ৯ জন সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন, আর ৬ জন দ্বিমত পোষণ করেছেন। এ কারণে রায়টিকে সর্বসম্মত বলা যায় না। তাঁর ভাষায়, এটি ‘অন্যায্য’।
রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখপাত্র আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও তোলেন। মামলাটিতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়া নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর প্রশ্ন, গাম্বিয়ার সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও দেশটি কেন এ মামলায় যুক্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচারিক আদালত ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানের ভয়াবহতা তুলে ধরে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই অভিযানে হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে এবং শিশুদের ওপর চরম বর্বরতা দেখানো হয়েছে।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজন সদস্য নিহত হওয়ার পর বিদ্রোহ দমনের উদ্দেশ্যে ওই অভিযান চালানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বিচারিক আদালত মিয়ানমারের এ যুক্তি গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিক ও কথিত রোহিঙ্গা যোদ্ধাদের মধ্যে পার্থক্য করেছিল, এমন কোনো তথ্যপ্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।
আদালত আরো বলেছে, ওই অভিযানে রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয় এবং সেখানে অ-রোহিঙ্গা বাসিন্দাদের পুনর্বাসন করা হয়। এসব ঘটনা থেকে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের প্রমাণ পাওয়া যায়, যা গণহত্যা প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড। ওই সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।
আন্তর্জাতিক বিচারিক আদালতের ৮০ বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায়ে এমন রায় এই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। তা সত্ত্বেও রায়টি মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।
রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে দেশটির দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করেছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ছাড়া রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের আগে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের সময় মিন অং হ্লাইং দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন। সাবেক এই জেনারেল বর্তমানে মিয়ানমারের প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে সহিংসভাবে বিদ্রোহ দমন, বিদ্রোহীদের নির্বিচার হত্যা ও সাজানো নির্বাচনের অভিযোগ রয়েছে।
সানা/আপ্র/২০/১১/২০২৬