গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি
ছবি

ভারতের কোমল পানীয়ের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জিরার স্বাদযুক্ত ঝাঁঝালো পানীয় ‘জিরা পানি’

ভারতের কোমল পানীয়ের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জিরার স্বাদযুক্ত ঝাঁঝালো পানীয় ‘জিরা পানি’। দেশীয় স্বাদ, তুলনামূলক কম দাম এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে এই পানীয়ের বাজারে একের পর এক নতুন ব্র্যান্ড আসছে। এতে দীর্ঘদিন ধরে বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসা বৈশ্বিক কোমল পানীয় প্রস্তুতকারক কোকাকোলা ও পেপসিকোর আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে।

মাত্র ১০ রুপি দামের এই পানীয়ের জনপ্রিয়তা এরই মধ্যে ভারতের কোমল পানীয়ের বাজারে নতুন প্রতিযোগিতার জন্ম দিয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের তিন চাচাতো ভাই সৌরভ মুঞ্জাল, নিখিল দোদা ও সৌরভ ভুটনার হাত ধরে ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লাহোরি জিরা’ এখন এ বাজারের অন্যতম আলোচিত ব্র্যান্ড।

এক সন্ধ্যায় রাতের খাবারের পর তিন ভাই বাড়িতে গল্প করছিলেন। এ সময় নিখিল ঘরে থাকা জিরার গুঁড়োসহ কয়েকটি উপকরণ মিশিয়ে তৈরি করেন টক-মসলাদার স্বাদের একধরনের ঝাঁঝালো কোমল পানীয়। এর স্বাদ ও ঘ্রাণ তিন ভাইয়ের ভালো লাগায় সেটি বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনা করেন তাঁরা। পরিবারের কাছ থেকে প্রাথমিক অর্থ নিয়ে ২০১৭ সালে বাজারে আনেন লাহোরি জিরা।

প্রায় এক দশকের ব্যবধানে পানীয়টি ভারতের বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্চিয়ান ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ মুঞ্জাল জানিয়েছেন, চলতি বছর লাহোরি জিরার আয় ১১ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

তিনি বলেন, প্রতিবছরই উৎপাদিত সব পণ্য বিক্রি হয়ে যায়। দৈনিক উৎপাদনক্ষমতা দ্বিগুণ করে ১২ লাখ বোতলে উন্নীত করার পরও চাহিদা পূরণ করা যাচ্ছে না।

বাড়ছে জিরা পানির ব্র্যান্ড: ভারতে রাস্তার পাশের দোকানগুলোতে জিরার স্বাদযুক্ত পানীয় বিক্রির প্রচলন আগে থেকেই ছিল। তবে এত দিন এ বাজার ছিল বিচ্ছিন্ন এবং ছোট ছোট প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ। বড় পরিসরে কার্বনেটেড পানীয়ের ব্র্যান্ড গড়ে তোলার উদ্যোগ ছিল তুলনামূলক কম।

লাহোরি জিরার সাফল্যের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। এখন ভারতের বাজারে জিরার স্বাদযুক্ত কোমল পানীয়ের বেশ কয়েকটি ব্র্যান্ড প্রতিযোগিতা করছে। এর মধ্যে রয়েছে মুম্বাইভিত্তিক এক্সোটিক ফ্রুজুসের ‘জিরু’, ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন ক্যাম্পা কোলার ‘ক্যাম্পা জিরা’ এবং হাউস অব বিন্দুর ‘ফিজ জিরা মাসালা’।

দেশটির অন্যতম পুরোনো ভোগ্যপণ্য ব্র্যান্ড পার্ল অ্যাগ্রোও গত বছর বাজারে এনেছে নিজস্ব জিরা পানীয় ‘ঢিশুম’। ২০১২ সাল থেকে পণ্যটি শুধু গ্রামীণ বাজারে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।

অন্যদিকে হাউস অব বিন্দু প্রায় ২৫ বছর আগে জিরার স্বাদযুক্ত কোমল পানীয় বাজারে আনলেও সাম্প্রতিক কয়েক বছরে এর বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মেঘা শঙ্কর বলেন, কার্বনেটেড পানীয়ের মধ্যে বর্তমানে জিরা পানির বাজার সবচেয়ে দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটির মোট আয়ে এ পানীয়ের অবদান ২০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে।

বিশ্লেষকদের মতে, জিরা পানির জনপ্রিয়তা ভারতীয় ভোক্তাদের রুচির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁরা একদিকে যেমন নিজস্ব ঐতিহ্য ও পরিচিত স্বাদের পানীয়ের প্রতি আগ্রহী হচ্ছেন, অন্যদিকে তুলনামূলক স্বাস্থ্যকর বলে বিবেচিত বিকল্পের প্রতিও ঝুঁকছেন।

বদলে যাচ্ছে কোমল পানীয়ের বাজার: জিরা পানীয় ঘিরে ভারতীয়দের আগ্রহ দেশটির অ্যালকোহলমুক্ত পানীয়ের বাজারেও বড় পরিবর্তন আনছে। ২০২৪ সালে ভারতের অ্যালকোহলমুক্ত পানীয়ের বাজারের আকার ছিল ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ২০৩৩ সালের মধ্যে এ বাজার দ্বিগুণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

একটি ভারতীয় অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, গত গ্রীষ্মে জিরার স্বাদযুক্ত কোমল পানীয়ের অনলাইন অর্ডার বেড়েছে ৯০০ শতাংশ।

কোটাক মিউচুয়াল ফান্ডের এক প্রতিবেদনেও এ বাজারের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের দেশীয় স্বাদের পানীয়ের ব্র্যান্ডগুলো সম্মিলিতভাবে কার্বনেটেড কোমল পানীয়ের বাজারে নিজেদের অংশীদারত্ব দ্বিগুণ করে প্রায় ১৫ শতাংশে উন্নীত করেছে। অন্যদিকে কোকাকোলা ও পেপসিকোর সম্মিলিত বাজার অংশীদারত্ব প্রায় ৯৩ শতাংশ থেকে কমে ৮৫ শতাংশে নেমেছে।

এই পরিবর্তনের পেছনে দেশীয় স্বাদের প্রতি ভোক্তাদের আগ্রহের পাশাপাশি সাশ্রয়ী দাম ও সহজলভ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশীয় স্বাদের পানীয়ের দিকে ঝোঁক: কয়েক দশক ধরে ভারতের কোমল পানীয়ের বাজারে কোলা ব্র্যান্ডগুলোর আধিপত্য ছিল। আধুনিক জীবনযাপন ও আভিজাত্যের প্রতীক হিসেবে এসব পানীয় বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। বিশাল বিলবোর্ড, বলিউড তারকা এবং ক্রিকেট টুর্নামেন্টে বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে কোলা কোম্পানিগুলো ভারতে পানীয় গ্রহণের পশ্চিমা সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে বলে মনে করেন লাহোরি জিরার উদ্যোক্তা সৌরভ মুঞ্জাল।

তবে এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। জিরা, কাঁচা আম, কোকুম ফল ও তেঁতুলের মতো পরিচিত দেশীয় স্বাদের পানীয় বাজারে নতুন জায়গা করে নিচ্ছে। এসব পানীয়ের সঙ্গে আকর্ষণীয় দাম ও বিস্তৃত বিতরণব্যবস্থার সমন্বয় ঘটিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে।

মুঞ্জালের মতে, ভারতের ভোগ্যপণ্য খাতে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা ছিল- ভারতীয় পণ্যকে পশ্চিমা রূপ দেওয়া অথবা পশ্চিমা পণ্যকে ভারতীয়করণ করা। কিন্তু ‘আপনা দেশি ঠান্ডা’ অর্থাৎ ভারতের নিজস্ব কোমল পানীয়- এই স্লোগান সামনে রেখে লাহোরি জিরা সেই প্রচলিত ধারণা বদলাতে চায়।

প্রতিযোগিতা ও উৎপাদন ব্যয় নিয়ে শঙ্কা: জনপ্রিয়তা বাড়লেও জিরা পানীয়ের বাজারে প্রবৃদ্ধির ধারা ধরে রাখা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে বিপুল পুঁজিসম্পন্ন বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ছোট ও পারিবারিক প্রতিষ্ঠানগুলোকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

মুম্বাইভিত্তিক এসপি জেইন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যাপক রাজীব আগরওয়াল বহুজাতিক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় সফল হওয়ার কৌশল নির্ধারণে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়ে থাকেন। তাঁর মতে, জিরার স্বাদযুক্ত পানীয়ের বাজার কতটা বড় হতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাঁর ধারণা, এ বাজার কোলার বাজারের মতো বিশাল হবে না।

আগরওয়াল বলেন, প্রতিযোগিতা অত্যন্ত আগ্রাসী। বড় ও বিপুল পুঁজির কোম্পানিগুলো জিরা পানির বাজারে প্রবেশ করলে ছোট ব্র্যান্ডগুলোর জন্য নতুন প্রতিযোগিতা তৈরি হবে। বাজার ব্যবস্থাপনা, উৎপাদনপ্রক্রিয়া, বিতরণব্যবস্থা ও বোতলজাতকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠিত বৈশ্বিক কোম্পানিগুলো অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী।

এ ছাড়া ১০ রুপির সাশ্রয়ী মূল্য জিরা পানীয়ের জনপ্রিয়তার অন্যতম কারণ হলেও উৎপাদকদের জন্য তা একই সঙ্গে চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের পাশাপাশি প্লাস্টিক, প্যাকেজিং, চিনি ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ায় ছোট প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পণ্যের দাম বাড়ালে ক্রেতা হারানোর ঝুঁকি রয়েছে। আবার দাম অপরিবর্তিত রাখলে উৎপাদন ব্যয়ের চাপ সামলানো কঠিন হতে পারে। এ পরিস্থিতিতে বোতলের আকার ছোট করার মতো সিদ্ধান্ত নিতে হতে পারে প্রতিষ্ঠানগুলোকে। কয়েক বছর আগে কোলা কোম্পানিগুলোকেও একই ধরনের পদক্ষেপ নিতে হয়েছিল।

এদিকে জিরার স্বাদযুক্ত পানীয়ের বাজারে কোকাকোলারও পুরোনো অভিজ্ঞতা রয়েছে। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠানটি ‘রিমঝিম’ নামে জিরার স্বাদযুক্ত একটি কোমল পানীয়ের ব্র্যান্ড অধিগ্রহণ করেছিল। নতুন করে প্রতিযোগিতার মুখে পড়ে ব্র্যান্ডটির অবস্থান শক্তিশালী করতে উৎপাদন দ্বিগুণ করেছে কোকাকোলা।

এ পরিস্থিতিতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সামনে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরির চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করেন মুঞ্জাল। তাঁর মতে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভারতীয় ব্র্যান্ডগুলোকে বিশ্ববাজারেও জায়গা করে নিতে হবে।

লাহোরি জিরার পানীয় নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন তিনি। মুঞ্জাল বলেন, প্রজন্মের পর প্রজন্ম বিশ্বের বিভিন্ন দেশের কোলা পান করে বড় হয়েছে। তবে তাঁর প্রত্যাশা, আগামী প্রজন্ম ভারতের জিরার স্বাদযুক্ত পানীয় পান করেই বড় হবে। সূত্র: বিবিসি
সানা/আপ্র/২০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ
২০ নভেম্বর ২০২৬

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি, সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশ...

আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ
২০ নভেম্বর ২০২৬

আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ...

জাতিসংঘে ১২৮ ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব
২০ নভেম্বর ২০২৬

জাতিসংঘে ১২৮ ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পর...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে