মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ছিল ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ইসলামী সহযোগিতা সংস্থা ও ইউরোপীয় ইউনিয়ন বুধবার (১৮ নভেম্বর) প্রস্তাবটি উত্থাপন করে। এতে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন দেশটির শার্জ দ্য অ্যাফেয়ার্স সঞ্চিতা হক। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সঞ্চিতা হক রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”
তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আশা প্রকাশ করেন।
প্রস্তাবে ২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনাসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়ে সঞ্চিতা হক বলেন, “রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।”
প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানায়। তবে দেশটি এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছে।
সানা/আপ্র/২০/১১/২০২৬