গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং মহাসড়কে গাছ ফেলে অবরোধের ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে চলাচলকারী ২০টি রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। তবে বিকল্প হিসেবে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল শুরু হয়েছে।
পরিবহন মালিকরা জানান, বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব রুটে ঢাকাগামী কোনও বাস ছেড়ে যায়নি। বুধবার দুপুরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাস চলাচল বন্ধ থাকা রুটগুলো হলো- খুলনা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার; বাগেরহাট থেকে ঢাকা; সাতক্ষীরা থেকে ঢাকা; যশোর থেকে ঢাকা; বেনাপোল থেকে শরীয়তপুর; মাগুরা থেকে বরিশাল; যশোর থেকে বরিশাল; কুষ্টিয়া থেকে বরিশাল এবং ঢাকা থেকে বরিশাল ও রাজশাহী থেকে বরিশাল।
পরিবহন মালিকদের ভাষ্য, গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। বুধবার দুপুরে কয়েকটি বাস ভাঙচুর এবং যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর জেলা বাস মালিক সমিতি গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচলকারী ২০টি রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের আহ্বানে মোটর শ্রমিক ও বাস মালিকদের নিয়ে জরুরি বৈঠক হয়। এতে কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বৈঠকে বাস চলাচল চালুর আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু বাস মালিক ও শ্রমিকরা জীবনের ঝুঁকি নিতে পারবেন না বলে জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চালানোর প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে রুট পারমিট নিয়ে কোনও জটিলতা হবে না বলেও আশ্বস্ত করা হয়। এরপর বাস মালিকরা বৃহস্পতিবার বেলা ২টা থেকে খুলনা-যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল শুরু করেন। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ২০টি রুটে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে।
জাহিদ হোসেন খান আরো জানান, গোপালগঞ্জ হয়ে বরিশালের সঙ্গে কোনও বাস চলাচল করছে না। তবে বাগেরহাট-পিরোজপুর হয়ে বরিশাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বেলা ২টা থেকে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকরা। এতে খুলনা-ঢাকাসহ পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ হয়ে যায়। খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতুতে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে।
এদিকে, খুলনা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নিরাপত্তাজনিত কারণে রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. জাকির হোসেন বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত খুলনা থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ওই দিন ভোরে পদ্মা সেতু হয়ে জাহানাবাদ আন্তঃনগর ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে নিরাপত্তার কারণে রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
তিনি জানান, ট্রেনটি দুপুরে ঢাকা থেকে ছেড়ে বেনাপোলে যাওয়ার পর রাতে সেখান থেকে সরাসরি খুলনায় ফিরে আসে। ২০ নভেম্বর ভোরে জাহানাবাদ আন্তঃনগর ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চালানোর আহ্বান জানানো হয়েছে। বাস চলাচল বন্ধ না রাখার অনুরোধও করা হয়েছে। কিন্তু তারা ঝুঁকি নিতে চাননি। রুট পারমিটের বিষয়টি আলোচনায় এলে জেলা প্রশাসক নিজেই জটিলতা নিরসনের আশ্বাস দেন। এরপর বাস মালিকরা আগের রুটে বাস চলাচল শুরু করতে সম্মত হন। তবে পদ্মা সেতু হয়ে কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সানা/আপ্র/২০/১১/২০২৬