গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

দেশজুড়ে নাশকতা-সহিংসতা, কঠোর অবস্থানে সরকার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৫৮ এএম ২০২৬
দেশজুড়ে নাশকতা-সহিংসতা, কঠোর অবস্থানে সরকার
ছবি

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে। রাজধানী থেকে শুরু করে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় যাত্রীবাহী বাস, রেলপথ, থানা, হাসপাতাল, ব্যাংক, রাজনৈতিক কার্যালয় ও বসতবাড়ি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। চট্টগ্রামে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। অন্যদিকে পাল্টা হামলার অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব সহিংসতায় প্রাণহানি ও ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

আগাম গোয়েন্দা সতর্কতা, বিশেষ অভিযান এবং বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরও নাশকতা বন্ধ হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পুলিশ, স্থানীয় প্রশাসন, গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন জেলার তথ্য বিশ্লেষণে সহিংসতার বিস্তৃত চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচির যোগসূত্র রয়েছে বলে পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি। বিভিন্ন ঘটনায় দলটির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।

গোপালগঞ্জে অস্ত্র নিয়ে মহড়া, থানা ও বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা অব্যাহত রয়েছে। চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, রাজশাহী ও নেত্রকোনায় রেলপথে নাশকতা এবং নারায়ণগঞ্জ ও যশোরে চলন্ত যানবাহনে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত নড়াইল, ফরিদপুর ও পিরোজপুরে পৃথক সহিংসতায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা এবং একজন বাসের সহকারী।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুর, ১৮টি গাড়িতে আগুন, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে।

এর বাইরে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। বৃহস্পতিবার নতুন করে গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর ও খুলনাসহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। নাশকতার বিস্তার নিয়ে সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায়।

৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের তথ্য অনুযায়ী, ১০ দিনে দেশের ৪০ জেলায় ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। ২৩টি ঘটনায় পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। সবচেয়ে বেশি আটটি হামলার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। গাজীপুরে ঘটেছে ছয়টি।

ব্যাংকটির হিসাব অনুযায়ী, সর্বশেষ দুই রাতেই ৪৯টি হামলার ঘটনা ঘটেছে। শুধু স্থানীয় শাখা নয়, সিলেট, রাজশাহী, বরিশাল ও গাজীপুরের আঞ্চলিক ও জোনাল কার্যালয়ও হামলার শিকার হয়েছে।

অভ্যন্তরীণ নিরীক্ষায় দেখা গেছে, অন্তত ৪৮টি ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ করা হয়নি। সাতটি ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আরো ১২টি ঘটনায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছিল।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, প্রতিষ্ঠানটির ওপর হামলা কেবল ভবন বা সম্পদের ক্ষতি নয়; এর সঙ্গে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা ও দীর্ঘদিনের আস্থার প্রশ্ন জড়িত। ব্যাংকটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত মালিকানাধীন নয় বলেও বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।

ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।

এদিকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান আক্রান্ত হলে এর প্রভাব সাধারণ আমানতকারীদের ওপরও পড়ে। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

পুলিশ পাহারার মধ্যেও আগুন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে
চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিসংযোগ করা হয়। ভবনটির নিচতলার একটি পরিত্যক্ত অংশে আগুন লাগানো হলেও পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকা সত্ত্বেও সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, বাড়িটিতে প্রতি শিফটে তিনজন পুলিশ সদস্যের পাশাপাশি একজন নিজস্ব নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করতেন। ঘটনাস্থলে দাহ্য পদার্থভর্তি বোতল পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, নিষিদ্ধ দলের লোকজন এটা করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’


গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও রাজনৈতিক কার্যালয়ে হামলা
সাম্প্রতিক সহিংসতায় সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়কে রামদা, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। এ সময় গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় হাসপাতালটিতে প্রসূতি মা, সদ্য অস্ত্রোপচার হওয়া রোগী ও নবজাতকসহ অনেকে চিকিৎসাধীন ছিলেন। হামলাকারীরা হাসপাতালের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই জেলার মুকসুদপুর ও কাশিয়ানীতে বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও হামলা চালানো হয়। এর আগে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন থাকার তথ্য পাওয়া গেছে। বিজিবির বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সহিংসতায় চারজন নিহত, আতঙ্কে পরিবহনশ্রমিক ও যাত্রীরা
সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়ায়। বুধবার ভোরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সহকারী সিয়াম (২৫) দগ্ধ হয়ে মারা যান। পরিবারের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে আসা এই তরুণের মৃত্যু পরিবহনশ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এ ছাড়া নড়াইলের কালিয়া উপজেলায় বুধবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী মিছিলে হামলায় কৃষকদল নেতা শাহিন এবং জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হন। এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লা নিহত হন। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। একই জেলার মিরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে।

যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকায় চলন্ত একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে চালক রাজিব দগ্ধ হন এবং সহকারী হৃদয় আহত হন। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে রাজশাহীর চারঘাটে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। নেত্রকোনায় রেললাইন ও স্টেশন এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও পাল্টা হামলা
দেশজুড়ে সহিংসতার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরেও পাল্টা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে বুধবার রাতে আগুন দেওয়া হয়। ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে মালামাল লুটের পর তিনটি কক্ষ ও তিনটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ফলে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা কিংবা সুযোগসন্ধানী অপরাধের আশঙ্কাও তৈরি হয়েছে।

রাজধানীতেও রাজনৈতিক নেতাদের সম্পদ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা হামলাকে রাজনৈতিক ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে উল্লেখ করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

রাজধানীতে অভিযানে গ্রেফতার ১৫১ জন
নাশকতা প্রতিরোধে রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বৃহস্পতিবার জানান, ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।

এ ছাড়া ১৯ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ডিএমপির হালনাগাদ তথ্য অনুযায়ী, আরো ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সংশ্লিষ্ট অভিযানে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, বিচ্ছিন্ন নাশকতার কারণে পুলিশের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ছে বলে সদর দপ্তর মনে করছে না। নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আগাম গোয়েন্দা তথ্যের পরও কেন থামছে না হামলা?

আগাম গোয়েন্দা সতর্কতা এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরও ধারাবাহিক নাশকতা ঠেকানো যাচ্ছে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সঙ্গে রাজধানীতে ককটেল বিস্ফোরণের সংখ্যা বৃদ্ধির সম্পর্ক থাকার কথা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা সক্রিয়তা প্রদর্শনের চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও বুধবার জাতীয় সংসদে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা নাশকতায় উসকানি দিচ্ছেন।

গোপালগঞ্জের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভিডিও, ছবি ও অডিও রেকর্ড যাচাই করে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সরকারের অবস্থান হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে নিরীহ মানুষের প্রাণহানি এড়াতে সংযম বজায় রাখবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি উদ্বেগজনক দিক শিল্পাঞ্চলের অস্থিরতা। বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

অন্যদিকে খুলনার শিববাড়ি মোড়ে পুলিশের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলাকারীদের পালিয়ে যাওয়া, গোপালগঞ্জে থানায় হামলা এবং পুলিশ পাহারাধীন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধ সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে হামলার পরপরই জড়িতদের আটক করতে না পারার বিষয়টি আলোচনায় এসেছে।

ডিসেম্বরে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা
গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও দলটির সমর্থকদের তৎপরতা ঘিরে সরকার সতর্ক অবস্থান নিয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, পরিবহন টার্মিনাল, মহাসড়ক ও রেলপথে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা সন্ত্রাসী গোষ্ঠী।’

তিনি আরো বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করবো। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেবো না। যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটেও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে- এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
সানা/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিন...

নিরাপত্তাঝুঁকিতে পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ
২০ নভেম্বর ২০২৬

নিরাপত্তাঝুঁকিতে পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং মহাসড়কে গাছ ফেলে অবরো...

ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি, কারাগারে বাড়তি সতর্কতা
২০ নভেম্বর ২০২৬

ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি, কারাগারে বাড়তি সতর্কতা

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য...

দেশজুড়ে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন, ৩৮টি মামলা
১৯ নভেম্বর ২০২৬

দেশজুড়ে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন, ৩৮টি মামলা

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে