একেএম ফজলুল হক: দুই বছর বিরতির পর চট্টগ্রামে শুরু হচ্ছে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। আজ শুক্রবার (২০ নভেম্বর) নগরের পলোগ্রাউন্ড মাঠে শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এ মেলা শুরু হবে। এতে দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল থাকছে।
মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
মেলা উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি বলেন, চেম্বারের বোর্ড না থাকায় গত দুই বছর সিআইটিএফ আয়োজন করা সম্ভব হয়নি। এবারের মেলা সফল করতে তিনি চট্টগ্রামবাসী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সিআইটিএফের উপদেষ্টা ও চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ১৯৯৩ সাল থেকে চেম্বার এ বাণিজ্য মেলার আয়োজন করে আসছে। এবার পার্কের আদলে মেলাপ্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। লাখো মানুষ মেলা পরিদর্শন ও কেনাকাটা করবেন বলে আশা করা হচ্ছে। মেলায় প্রবেশের টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা।
তিনি জানান, চেম্বারের সরাসরি তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন প্রবেশপথ, খাবারের অঞ্চল ও মসজিদ তৈরি করা হচ্ছে। শিশুদের জন্য দুটি স্থানে খেলার ব্যবস্থাও রাখা হচ্ছে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিভিন্ন স্টলে তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলাপ্রাঙ্গণে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বেসরকারি নিরাপত্তাকর্মীরাও ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন। মেলাপ্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় অগ্নিনির্বাপণ গাড়িসহ ফায়ার সার্ভিসের একটি দল মেলা চলাকালে সার্বক্ষণিক অবস্থান করবে। দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। নারী ও পুরুষের জন্য পৃথক ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।
চেম্বার সভাপতি জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মেলা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও মেলা পরিদর্শন করবেন। তাঁদের এ পরিদর্শন দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্যাভিলিয়ন ও স্টল এবং দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্বাচন করে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, এবার স্টলগুলো স্টিলের কাঠামোর ওপর টিনের ছাউনি দিয়ে তৈরি করা হচ্ছে।
সিআইটিএফ কমিটির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, মেলায় অধিকাংশ খাবারের দোকান ঢাকা থেকে আসছে। এসব দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হবে। এ ছাড়া ব্যাংকক, ইরান ও ভারতের প্যাভিলিয়নও থাকবে।
সানা/আপ্র/২০/১১/২০২৬