দেশে ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম কারণ ফুসফুসের ক্যানসার। ধূমপান, বায়ুদূষণ ও ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসার কারণে এ রোগের ঝুঁকি বাড়ছে। রোগটির প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতার অভাব, দেরিতে শনাক্তকরণ ও ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেক রোগীই যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা পান না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) গ্লোবোক্যান ২০২২-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে এক বছরে ফুসফুসের ক্যানসারে নতুন আক্রান্তের আনুমানিক সংখ্যা ১৩ হাজার। একই সময়ে এ রোগে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৬৩। নতুন আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশে সব ধরনের ক্যানসারের মধ্যে ফুসফুসের ক্যানসার তৃতীয় অবস্থানে রয়েছে। পুরুষদের মধ্যে এটি তৃতীয় সর্বাধিক শনাক্ত হওয়া ক্যানসার।
২০২৫ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধন গবেষণার ফলেও রোগটির ভয়াবহতা উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, দেশে নতুন ক্যানসার আক্রান্তদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার ১৬ দশমিক ১ শতাংশ। একই গবেষণায় ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ হিসেবেও ফুসফুসের ক্যানসারকে চিহ্নিত করা হয়েছে। ক্যানসারজনিত মোট মৃত্যুর ১১ দশমিক ৪ শতাংশের জন্য দায়ী এ রোগ।
বিশেষজ্ঞদের মতে, ফুসফুসের ক্যানসারের প্রধান ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার, পরোক্ষ ধূমপান, বায়ুদূষণ এবং কর্মক্ষেত্রে অ্যাজবেস্টসসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ।
দীর্ঘদিনের কাশি, কাশির সঙ্গে রক্ত আসা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও অকারণে ওজন কমে যাওয়া এ রোগের উল্লেখযোগ্য লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। ধূমপান পরিহার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ পেশায় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ বাড়ানো গেলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুহার কমানো সম্ভব।
সূত্র: অনলাইন
কেএমএএ/আপ্র/১৯.১১.২৬