গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি, কারাগারে বাড়তি সতর্কতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪২ এএম ২০২৬
ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি, কারাগারে বাড়তি সতর্কতা
ছবি

ছবি সংগৃহীত

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত দেশের ৭৫টি কারাগারে বন্দি ছিলেন ১ লাখ ১৫ হাজার। অথচ এসব কারাগারের মোট ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কারাগারগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদারের পাশাপাশি কারাগারগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। দেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারসহ সব ৭৫টি কারাগারেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। ফলে কারাগারগুলোতে বন্দির সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত বন্দির সংখ্যা ১ লাখ ১৫ হাজারে পৌঁছেছে, যা দেশের কারাগারের ইতিহাসে সর্বোচ্চ।

গত এক সপ্তাহ ধরে নেওয়া বিশেষ নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মাসুদ হাসান জুয়েল বলেন, “সব বন্দির ব্যাপারে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বন্দিদের বিষয়টি বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

কারাগারগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি হামলা হলে কী করণীয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নিয়মিত ব্রিফিং করা হচ্ছে। কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে কোনো অসন্তোষ দেখা দিলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, তা নিয়েও নির্দেশনা দেওয়া হচ্ছে।

মাসুদ হাসান জুয়েল বলেন, “বর্তমানে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বিজিবি, আনসারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা।”

বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকেও তথ্যসহায়তা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সহযোগিতা এবং যেসব এলাকায় নৌবাহিনী বা কোস্টগার্ডের সহায়তা প্রয়োজন, সেখানেও সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে।

কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেড়ে যাওয়ায় কারা কর্তৃপক্ষকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বলে স্বীকার করেন এই কর্মকর্তা।

কারা অধিদপ্তরের অধীনে বর্তমানে প্রায় সাড়ে ১২ হাজার জনবল রয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কারারক্ষী; বাকিরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। তবে কারারক্ষীদের প্রায় ১৫ শতাংশ বিভিন্ন কারণে ছুটিতে বা অসুস্থ থাকেন। ফলে বাকি জনবল দিয়েই লক্ষাধিক বন্দির নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হচ্ছে।

কারা অধিদপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “২০০৭-০৮ সালের দিকে ২৪ হাজার জনবল নিয়োগের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারকে। এই ১৮ বছরে বিভিন্ন সময়ে আমাদের পরিবারে যুক্ত হয়েছে মাত্র ৫ হাজারের মতো; যা অপ্রতুল।”

জনবল সংকট, বন্দির সংখ্যা বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা এবং অতীতে কয়েদিদের কারাগার ভেঙে পালানোর অভিজ্ঞতা- সব মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহায়তা নিতে হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
সানা/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশজুড়ে নাশকতা-সহিংসতা, কঠোর অবস্থানে সরকার
২০ নভেম্বর ২০২৬

দেশজুড়ে নাশকতা-সহিংসতা, কঠোর অবস্থানে সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ
২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিন...

নিরাপত্তাঝুঁকিতে পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ
২০ নভেম্বর ২০২৬

নিরাপত্তাঝুঁকিতে পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং মহাসড়কে গাছ ফেলে অবরো...

দেশজুড়ে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন, ৩৮টি মামলা
১৯ নভেম্বর ২০২৬

দেশজুড়ে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন, ৩৮টি মামলা

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে