প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। জন্মদিনে তিনি ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পদার্পণ করছেন। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শৈশব থেকেই শৃঙ্খলা ও অনাড়ম্বর জীবনযাপনের পরিবেশে বেড়ে ওঠেন তারেক রহমান। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সে সময় প্রতিষ্ঠানটি ছিল ইংরেজি মাধ্যমের, যেখানে সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রের তাত্ত্বিক বিষয়গুলোর প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজচিন্তাবিদের দর্শন ও চিন্তাধারা অধ্যয়ন করেন তিনি। একই সময়ে তাঁর মা খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণ-আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। রাজনৈতিক আন্দোলনের সেই পরিবেশও তাঁকে রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। পিতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন এবং দলের নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি। ওই পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয় তাঁর সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক ভূমিকার পরিচিতি বাড়ায়।
পরবর্তী সময়ে রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখে পড়েন তারেক রহমান। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। ওই সময়ের নির্যাতনের অভিযোগও তাঁর রাজনৈতিক জীবনের আলোচিত অধ্যায়। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। প্রায় ১৭ বছর পর দেশে ফিরে আসেন তিনি। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। তবে পরে ঢাকা-১৭ আসনটি নিজের জন্য রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
রাষ্ট্র সংস্কার ও বহুমাত্রিক উন্নয়নের পরিকল্পনা
দীর্ঘ নির্বাসিত জীবনে থেকেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র পরিচালনার নানা বিষয়ে সক্রিয় ছিলেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন তিনি। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভাসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা পরিকল্পনা তাঁর রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে।
তারেক রহমানের রাজনৈতিক দর্শনে বহুত্ববাদী ও গণতান্ত্রিক বাংলাদেশের ধারণা বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর প্রত্যাশিত বাংলাদেশকে তিনি ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। যেখানে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত নয় মাসে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়েছে। ব্যাংকিং খাতে ঋণ আদায় জোরদারের ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের কথাও বলা হয়েছে। তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোতে রেকর্ড প্রবৃদ্ধির দাবি করা হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মান শক্তিশালী হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
সামাজিক সুরক্ষা ও কৃষি খাতে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনার পাশাপাশি প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সংশ্লিষ্ট সুদ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
শিক্ষা খাতে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ কর্মসূচি, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা, শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি এবং শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়ার মতো উদ্যোগের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্রীড়া ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন এবং এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড়ের কথাও বলা হয়েছে।
ধর্মীয় কল্যাণে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু, পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা, বরাদ্দ ও অতিরিক্ত ছুটির ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে।
সুশাসন প্রতিষ্ঠায় সরকারি ব্যয় সংকোচন, যানবাহন কেনায় বিধিনিষেধ, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলে সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্তকেও নাগরিকবান্ধব প্রশাসনিক চর্চার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর, আলোচনা ও প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদার হওয়ার পাশাপাশি প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
তারেক রহমানের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে বৈশ্বিক মূলধারায় এগিয়ে নেওয়া। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার বিষয়টিও তাঁর উন্নয়ন ভাবনায় গুরুত্ব পেয়েছে।
জন্মদিনে দোয়া ও বিশেষ মোনাজাত
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা রাজধানীর উত্তর বারিধারার কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
সানা/আপ্র/২০/১১/২০২৬