মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সরকার মনে করছে, এ রায় রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (২০ নভেম্বর) রায়ের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাই।’
তিনি বলেন, রায়টি কার্যকর হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের সংকট থেকে উত্তরণের পথ তৈরি হতে পারে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আরও দৃঢ়ভাবে বলতে চাই যে, রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে, এই ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।’
রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতেও আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান হুমায়ুন কবির।
গণহত্যার ভয়াবহতা ও আদালতের পর্যবেক্ষণ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। আদালত বলেছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এসব অপরাধের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি, বিদ্বেষমূলক বক্তব্য, গ্রাম ধ্বংস এবং জনগোষ্ঠীটির অস্তিত্বের ভিত্তিকে আঘাত করে এমন কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছেন বিচারকেরা।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, গণহত্যা প্রমাণের জন্য শুধু বিপুলসংখ্যক মানুষ হত্যা যথেষ্ট নয়। কোনো জাতিগত, ধর্মীয় বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় থাকতে হয়। আদালতের বিবেচনায়, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়।
আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়েও দায়ী করেছেন। পাশাপাশি গণহত্যাসংক্রান্ত অপরাধের প্রমাণ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার বিষয়টিও রায়ে উঠে এসেছে।
রায়ে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন, অপরাধে জড়িতদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করার মাধ্যমে ক্ষতিপূরণ ও প্রতিকার দেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করেছেন আদালত। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি নির্ধারণের জন্য মিয়ানমারকে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করে রায় দেওয়া হলো। এর আগে ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার ঘটনায় সার্বিয়াকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে দায়ী করেছিলেন আদালত। তবে সে সময় সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেওয়া হয়নি।
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত সনদ লঙ্ঘনের অভিযোগে করা এ মামলায় গাম্বিয়ার পক্ষে আইনি অবস্থান তুলে ধরে আরো ১১টি দেশ।
মামলার কেন্দ্রে ছিল ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। ওই অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ।
সানা/আপ্র/২০/১১/২০২৬