প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির মূল দর্শন হচ্ছে রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের পাশে থাকা, তাদের সমস্যার সমাধান করা, দেশের স্বার্থ রক্ষা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নিশ্চিত করাই তার রাজনীতির মৌলিক লক্ষ্য। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন লেখেন, গণমানুষের নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে বিশেষ জাতীয় তাৎপর্য বহন করে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মর্যাদা এবং জনগণের অধিকার, স্বাধীনতা ও সুরক্ষার সঙ্গে তার নেতৃত্ব গভীরভাবে সম্পৃক্ত।
তিনি বলেন, এক ঐতিহাসিক মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার সময় মানুষের অভূতপূর্ব সমাগম, আবেগ ও মমত্ববোধ দেখা গেছে। নির্বাচনে তার নেতৃত্বে জনগণের ঐতিহাসিক বিজয় সেই ভালোবাসা ও আস্থারই গণতান্ত্রিক প্রতিফলন। এখনো দেশের যেখানেই তিনি যান, সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষ যেভাবে তাকে আপন করে নেন, তা জনগণের সঙ্গে তার আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার ভাষ্য, তারেক রহমানের চলাফেরায় প্রচলিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘিরে থাকা সংস্কৃতির আড়ম্বর নেই। ক্ষমতার বেষ্টনী ভেঙে তিনি বারবার তৃণমূলে ছুটে যান, প্রান্তিক মানুষের কথা শোনেন এবং তাদের সঙ্গে মিশে যান। কারণ, তার রাজনীতির মূল দর্শন হলো রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের প্রেরণা ও সমর্থনই নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি।
মাহদী আমিন আরো লেখেন, ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত সৌভাগ্যবান। ২০১১ সাল থেকে দেড় দশক ধরে তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে তার। কাছ থেকে তিনি দেশের প্রতি তারেক রহমানের অসীম ভালোবাসা, মানুষের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা ও নিরলস কর্মপ্রয়াস দেখেছেন।
দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রতিকূলতা, অপপ্রচার, ষড়যন্ত্র ও সংগ্রামের মধ্যেও তারেক রহমানের অবিচল মনোবল, জনগণের শক্তির প্রতি আস্থা এবং দেশের জন্য কাজ করে যাওয়ার অদম্য স্পৃহা তাকে অনুপ্রাণিত করে বলেও উল্লেখ করেন মাহদী আমিন। তারেক রহমানের অঙ্গীকার, নিষ্ঠা ও কর্মযজ্ঞ থেকে প্রতিনিয়ত প্রেরণা পান বলে জানান তিনি।
বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দলটির প্রতিষ্ঠা, তার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশের আত্মপরিচয় ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এসব ঐতিহাসিক অধ্যায়ের প্রতিটি বাঁকে রয়েছে গভীর ত্যাগ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বাক্ষর।
তিনি বলেন, সেই আদর্শ, সংগ্রাম ও ঐতিহাসিক ধারাবাহিকতায় তারেক রহমান এখন বহুমাত্রিক দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব শুধু ঐতিহ্য ও আদর্শ এগিয়ে নেওয়া নয়; বরং অতীতের অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ গড়ার পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
মাহদী আমিনের মতে, বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারেক রহমানের নেতৃত্ব দেশকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে। অসাধারণ ব্যক্তিত্ব ও সক্ষমতার অধিকারী হয়েও তিনি জীবনযাপনে অত্যন্ত সাধারণ ও মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তার কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, বরং গণমানুষের সমর্থন, বিশ্বাস ও জনরায়।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাহদী আমিন মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শক্তি ও প্রজ্ঞা কামনা করেন। তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, সমৃদ্ধি, স্বনির্ভরতা ও বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দিগন্তে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পোস্টের শেষাংশে মাহদী আমিন লেখেন, ‘শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী। আপনার প্রতিটি সাফল্যে আমরা গর্বিত। প্রতিটি ঘাত-প্রতিঘাতে, সম্ভাবনা-সাফল্যের প্রতিটি বাঁকে, আপনার সঙ্গে থাকতে চাই। আমরা আপনার পাশে আছি, থাকবো। আজ, আগামীকাল, আজীবন, ইনশাআল্লাহ।’
সানা/আপ্র/২০/১১/২০২৬