পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা টুকরা কাপড়ে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে গেলে ওই বাসায় অবস্থান করেন। শুক্রবার বিকেলে তার সিলেটে আসার কর্মসূচি রয়েছে।
এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তিনি বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ কিছু একটা ছুড়ে ফেলে চলে গেছে। এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সানা/আপ্র/২০/১১/২০২৬