গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: রোহিঙ্গা শিবিরে খলিলুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১৯ এএম ২০২৬
আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: রোহিঙ্গা শিবিরে খলিলুর
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে দীর্ঘ লড়াইয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের ঐতিহাসিক রায়ের পরদিন শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরে গিয়ে তিনি এসব কথা বলেন। সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে পৌঁছান খলিলুর রহমান। তাঁকে স্বাগত জানাতে সকাল ৮টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে পররাষ্ট্রমন্ত্রী পৌঁছানোর পর হাততালি দিয়ে তাঁকে কৃতজ্ঞতা জানান তাঁরা।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।’

রোহিঙ্গাদের সালাম জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এর আগেও বহুবার শরণার্থীশিবিরে এসেছেন। তবে এবারের সফর বিশেষ একটি সময়ে, একটি ঐতিহাসিক মুহূর্তে। আইসিজের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসেও গুরুত্বপূর্ণ ঘটনা।

বিশ্ববাসীর কাছে বার্তাটি পৌঁছে দিতে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যের মূল অংশ ইংরেজিতে দেন তিনি। বক্তব্যে ন্যায়বিচার, দায়বদ্ধতা ও নিরাপদ প্রত্যাবাসনের প্রত্যাশার ওপর গুরুত্ব দেন।

খলিলুর রহমান বলেন, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা, প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা দিতে হবে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেন তিনি। তাঁর বক্তব্যে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পাশাপাশি পরিবারের সদস্যদের পুনর্মিলন এবং রোহিঙ্গাদের হারানো ঘরবাড়ি ও সম্পত্তির অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, মিয়ানমারকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে নিজেদের দেশে ফিরতে পারেন। তাঁদের আবারো বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের নিরাপত্তা খাতের সংস্কার এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আন্তর্জাতিক আইন ও গণহত্যা সনদের বাধ্যবাধকতা বাস্তবায়নে সদস্যরাষ্ট্রগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বলেন, রোহিঙ্গারা অসহায় নন; ব্যক্তি, রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় তাঁদের ন্যায়বিচারের লড়াই এগিয়ে নেওয়া সম্ভব।

দায়মুক্তির অবসান ঘটাতে হবে: গুতেরেস
রোহিঙ্গাদের উদ্দেশে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ বার্তা পাঠ করেন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক। বার্তায় গুতেরেস আইসিজের রায়কে গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য শক্তিশালী স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতিফলন এবং ভয়াবহ অপরাধের দায়মুক্তি চলতে পারে না-এ নীতির পুনর্নিশ্চিতকরণ। ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের সময় রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপের বিষয়গুলো আদালতের রায়ে উঠে এসেছে।

বার্তায় বলা হয়, মামলায় আদালত ১০ হাজারের বেশি মানুষকে হত্যা, ধর্ষণ ও চরম দুর্ভোগের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি এবং গণহত্যা সনদের বাধ্যবাধকতা অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়নে মিয়ানমারের ব্যর্থতার বিষয়টিও চিহ্নিত করেছেন।

গুতেরেস বলেন, আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং রায় মানা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। রায় অনুসারে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত ও বিচারের আওতায় আনা, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নিশ্চয়তা এবং রোহিঙ্গাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

জাতিসংঘ মহাসচিবের বার্তায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, মিয়ানমারে দায়মুক্তির সংস্কৃতির অবসান ও অপরাধের জবাবদিহি নিশ্চিত করা জাতীয় পুনর্মিলন এবং স্থায়ী শান্তির জন্য অপরিহার্য। রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো সমাধানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

সংকটের দশম বছরে পা
রোহিঙ্গা সংকটের দশম বছরে পদার্পণের প্রাক্কালে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বলেন, কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলোর কাজ অব্যাহত থাকবে। বাস্তুচ্যুতির অবসান ঘটিয়ে তাঁদের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রচেষ্টাও চলবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ মিয়ানমারেই তৈরি করতে হবে। এ উদ্যোগের পাশাপাশি মানবিক সহায়তা, ন্যায়বিচার ও দীর্ঘমেয়াদি সমাধানের প্রচেষ্টা একসঙ্গে এগিয়ে নিতে হবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বলেন, প্রায় নয় বছর আগে বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের অধিকার, সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিতে জাতিসংঘের অঙ্গীকার অবিচল থাকবে।

আইসিজের রায়ের পরদিন রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ ও বাংলাদেশের শীর্ষ প্রতিনিধিদের এই উপস্থিতিতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচার ও নিজ দেশে ফেরার প্রত্যাশা নতুন করে সামনে এসেছে। তবে আদালতের রায় বাস্তবায়ন এবং নিরাপদ প্রত্যাবাসন ও অধিকার প্রতিষ্ঠার পথে তা কার্যকর করাই এখন বড় চ্যালেঞ্জ।
সানা/আপ্র/২০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন
২০ নভেম্বর ২০২৬

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস...

তারেক রহমানের রাজনীতির মূল লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’: মাহদী আমিন
২০ নভেম্বর ২০২৬

তারেক রহমানের রাজনীতির মূল লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির মূল দর্শন হচ্ছে রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের পাশে থাক...

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, আওয়ামী লীগের ১২৪ জন
২০ নভেম্বর ২০২৬

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, আওয়ামী লীগের ১২৪ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।...

দেশজুড়ে নাশকতা-সহিংসতা, কঠোর অবস্থানে সরকার
২০ নভেম্বর ২০২৬

দেশজুড়ে নাশকতা-সহিংসতা, কঠোর অবস্থানে সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে