ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়া এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ও শনিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। তবে রোববার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে বলেন, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে এবং বর্তমানে ওড়িশায় অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
তিনি বলেন, ‘আজ ও আগামীকাল বৃষ্টি থাকবে, পরশু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।’
বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘বৃষ্টি হবে, আর কিছু হবে না।’
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে। এ সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। সকাল ৯টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওড়িশার গোপালপুর উপকূলের কাছে অবস্থান করছিল।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী তিন ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে এবং এর পরের ছয় ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
ওড়িশায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে
ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে দুর্বল হয়ে ভারতের ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করছে। তবে এর প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের মানদণ্ডে চতুর্থ সর্বোচ্চ শ্রেণির ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত আকভান বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এর উপকূল অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়। গোপালপুরের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে ওড়িশায় প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ৯ হাজার ৩৪১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধার ও জরুরি তৎপরতায় চার শতাধিক দল মোতায়েন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার রাজেশ পি পাতিল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২ লাখ ৯৮ হাজার ৬৭৬ জনকে সরিয়ে ২ হাজার ৫২৩টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
উদ্ধারকাজে ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের ৬০টি, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ১৪টি এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ১৩১টি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে হেলিকপ্টার, জাহাজ ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে।
গত ২৪ দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ঘূর্ণিঝড়ের কবলে পড়ল ওড়িশা। শুরুতে আকভানের অন্ধ্রপ্রদেশে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হলেও পরে পুরী ও গোপালপুরের মাঝামাঝি দিয়ে উপকূল অতিক্রমের কথা জানানো হয়।
ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি জানান, ভূমিধসের আশঙ্কায় গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কোরাপুট ও মালকানগিরি-এই পাঁচ জেলায় ৯৪১টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গজপতি জেলাতেই রয়েছে ২১১টি স্থান। এর আগে গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সময় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছিল বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকে ওড়িশার বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হয়। উপকূলের কাছে আসার পর বৃষ্টির তীব্রতা আরো বেড়েছে।
ট্রেন চলাচল ও পর্যটনকেন্দ্রে বিধিনিষেধ
ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট কোস্ট রেলওয়ে ৪১টি ট্রেন বাতিল এবং ২৯টির সময়সূচি পরিবর্তন করেছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে শুক্রবার পুরীগামী ও পুরী হয়ে চলাচলকারী অন্তত ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে।
ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, গোপালপুর, পুরী, সাতপাড়া ও চিলিকাসহ উপকূলীয় এলাকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেলেদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ‘রেড’, ‘অরেঞ্জ’ ও ‘ইয়েলো’ সতর্কতার আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, কালাহান্ডি, গজপতি, গঞ্জাম, কন্ধমাল, বৌধ, পুরী, নয়াগড় ও খোর্দা জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া পুরীর গুণ্ডিচা মন্দির ২১ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানও তিন দিনের জন্য ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প ২০ ও ২১ নভেম্বর এবং ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা ও সংলগ্ন রাজ্য উদ্ভিদ উদ্যান ২০ নভেম্বর বন্ধ রাখা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষও ভক্তদের আবহাওয়ার সতর্কবার্তা মেনে ভ্রমণের পরামর্শ দিয়েছে।
অন্যদিকে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও ভিজিয়ানাগ্রাম জেলায় ‘রেড অ্যালার্ট’, পার্বতীপুরম মান্যম, আল্লুরি সীতারামারাজু ও আনাকাপল্লি জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ এবং কাকিনাড়া জেলায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর।
২৪ ঘণ্টায় ২০ দশমিক ৪৪ সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট, ১১ দশমিক ৫৬ থেকে ২০ দশমিক ৪৪ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাসে অরেঞ্জ অ্যালার্ট এবং ৬ দশমিক ৪৫ থেকে ১১ দশমিক ৫৫ সেন্টিমিটার বৃষ্টির আশঙ্কায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়।
অন্ধ্রপ্রদেশের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি কৃষকদের চাষাবাদে সাবধানতা অবলম্বন এবং জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
সানা/আপ্র/২০/১১/২০২৬