দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যেন যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে বিন্যস্ত করতে হবে। শুধু সনদ অর্জন নয়, শিক্ষাকে হতে হবে কার্যকর, কর্মমুখী ও জীবনঘনিষ্ঠ। যে শিক্ষা শিক্ষার্থীর নিজের জীবন, সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগে, সেই শিক্ষা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থার বিদ্যমান সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করছেন, কিন্তু তাদের অনেকেরই কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। তাই দেশের প্রয়োজন ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার বিষয়বস্তু ও পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীরা যেন প্রকৃত দক্ষতা অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।
ঢাকা কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। তৎকালীন বাংলায় শিক্ষার বিস্তার এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব তৈরিতে এ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তান পর্ব এবং স্বাধীন বাংলাদেশেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সে সময় কলেজে ছাত্ররাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও শিক্ষার্থীরা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এমনকি গোপনে শহীদ মিনারে ফুল দেওয়া এবং সংগঠন করার প্রচেষ্টাও চলত।
ঢাকা কলেজের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন, হোস্টেল, ভালো গ্রন্থাগার ও আধুনিক গবেষণাগারের অভাবের কথা শুনে তাঁর খারাপ লেগেছে। সরকারে যারাই থাকুন না কেন, এ প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া উচিত। দ্রুত এসব সমস্যার সমাধান করে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের এসব আন্দোলনে অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ভবিষ্যতেও তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষকদের দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষকদের কাজ কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীর প্রচলিত অনেক ধারণা ও কর্মপদ্ধতি বদলে দিয়েছে। এই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে সাজাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং তথ্যপ্রযুক্তির সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভাবতে হবে।
দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও অনেক মৌলিক সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। নিরপরাধ মানুষকে হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য মানুষ জীবন উৎসর্গ করেছে, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। পূর্ববর্তী প্রজন্মের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। আগামী প্রজন্ম যেন সাম্য, মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে জীবনযাপন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের প্রত্যাশিত পরিবর্তনের বাস্তব প্রতিফলন দেখতে চান বলেও জানান তিনি।
এ সময় তিনি দেশের শিক্ষা ও স্বাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সানা/আপ্র/২০/১১/২০২৬