দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (২০ নভেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৩৬ জন। এছাড়া ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২১, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৯ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯, চট্টগ্রামে ২৩৪, সিলেটে ১৩৩, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩২ এবং রাজশাহীতে ২৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৯১০ জন।
বুলেটিন অনুসারে, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনের মধ্যে। তাঁদের মধ্যে ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ণয় করা কঠিন।
অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়। ফলে এই পরিসংখ্যানে হাসপাতালের বাইরে থাকা রোগীদের তথ্য অন্তর্ভুক্ত নেই।
সানা/আপ্র/২০/১১/২০২৬