কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলের চার জেলার যান চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে আবারো দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে।
গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, যশোর ও গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় বৃহস্পতিবার দিনভর খুলনা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ অংশ দিয়ে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। তবে গোপালগঞ্জ এড়িয়ে বিকল্প পথে অল্প কিছু বাস চলেছে।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, মহাসড়কে অবরোধ ও প্রতিবন্ধকতা তৈরির জন্য ফেলে রাখা গাছ সরিয়ে নেওয়ার পর শুক্রবার সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহন বিভিন্ন স্থানে আটকে পড়েছিল। সেগুলোও এখন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু বলেন, “গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ ছয়টি পথেও বাস চলছে।”
এদিকে মহাসড়কে সহিংসতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ ছিল। তবে ঢাকা-কলকাতা সরাসরি পথে বাস চলাচল অব্যাহত ছিল। ভারত থেকে ফেরা যাত্রীরা এসব বাস ও ট্রেনে করে গন্তব্যে পৌঁছান। বেনাপোল থেকে বিকল্প পথে বরিশালের বাস চলাচল করছিল।
শুক্রবার সকাল থেকে বিরূপ আবহাওয়ার মধ্যেও যাত্রী কম থাকলেও বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বেনাপোলের বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা।
শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের কারণে সরাসরি কলকাতা-ঢাকার বাস ছাড়া কোনো পরিবহনের বাস বুধবার থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বৃহস্পতিবার পুরোপুরি বন্ধ ছিল।
“আজ সকাল থেকে আবার নিয়মিত চলাচল শুরু হয়েছে।”
বেনাপোলের সোহাগ পরিবহন ও রয়েল কোচ পরিবহনের কাউন্টারের কর্মকর্তারাও একই তথ্য জানিয়েছেন।
খুলনা থেকেও দূরপাল্লার কিছু বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে এ বিষয়ে খুলনা পরিবহন মালিক সমিতির কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।
তাদের ভাষ্য, গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া- দুই বিষয় বিবেচনায় নিয়ে দু-একটি পরিবহন নিজ উদ্যোগে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে। এসব বাস গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচল করেছে। কিছু পরিবহন যশোর-মাগুরা ও আরিচা ফেরিঘাট ব্যবহার করছে।
সানা/আপ্র/২০/১১/২০২৬