ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে আরো ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জ্বালানি আমদানিতে ক্রমবর্ধমান ব্যয় ও বিক্রিতে লোকসানের কারণে সংস্থাটির আর্থিক সংকট তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে জরুরি আর্থিক সহায়তার পাশাপাশি জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টিও বিবেচনার অনুরোধ জানিয়েছে বিপিসি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি আমদানির ব্যয়ও বেড়েছে। এতে আমদানি করা জ্বালানি তেল দেশের বাজারে বিক্রি করতে গিয়ে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে।
বিপিসি সূত্র জানায়, গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আট মাসে জ্বালানি তেল বিক্রিতে সংস্থাটির লোকসান হয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে প্রতি মাসে গড়ে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৪৫৯ কোটি টাকা। এই ঘাটতি সামাল দিতে গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ পেয়েছিল বিপিসি। কিন্তু তাতেও আর্থিক চাপ কাটেনি। ফলে গত সপ্তাহে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল কেনার জরুরি ব্যয় মেটাতে নতুন করে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি।
বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোগান্তি এড়ানোই তাদের লক্ষ্য। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয় করা যায় কি না, সেটিও প্রস্তাবে রাখা হয়েছে।
ডিজেলেই সবচেয়ে বেশি লোকসান: দেশে ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের চাহিদাই সবচেয়ে বেশি। মোট চাহিদার ৬৫ দশমিক ৩০ শতাংশ ডিজেল। এ ছাড়া ফার্নেস অয়েল, উড়োজাহাজের জ্বালানি, অকটেন, পেট্রোল ও কেরোসিনের চাহিদাও রয়েছে।
বিপিসির সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৩ লাখ ৩ হাজার টন। ২০২৬-২৭ অর্থবছরে এ চাহিদা বেড়ে প্রায় ৪৬ লাখ টনে পৌঁছাতে পারে।
জ্বালানি আমদানির ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে মোট ৬১ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছিল ৪৯ হাজার ২৬১ কোটি টাকা। পরের অর্থবছরে ৫৯ লাখ ৪ হাজার টন জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৪ হাজার ৯২১ কোটি টাকা।
এর মধ্যে গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম দ্রুত বাড়তে থাকে। যুদ্ধের আগে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৮৬ ডলার। গত এপ্রিলে তা বেড়ে সর্বোচ্চ ২৮৪ ডলারে ওঠে। সর্বশেষ গত অক্টোবরেও প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ১৫৪ ডলার।
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নও আমদানি ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বিপিসির হিসাব অনুযায়ী, ডলারের বিনিময় হার এক টাকা বাড়লে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে যায় ১ টাকা ৪৫ পয়সা।
বিপিসির অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, আমদানি, শুল্ক-কর ও অন্যান্য ব্যয়সহ প্রতি লিটার ডিজেল কিনতে খরচ হয় ১৭৯ টাকা ৩৯ পয়সা। অথচ দেশের বাজারে তা বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকায়। অর্থাৎ প্রতি লিটার ডিজেলে লোকসান হচ্ছে ৪৪ টাকা ৩৯ পয়সা। এ হিসাবে এক বছরে শুধু ডিজেল বিক্রিতেই লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে ২২ হাজার ১০০ কোটি টাকা।
অন্যদিকে অকটেন ও পেট্রোল বিক্রিতে বর্তমানে লোকসান নেই। প্রতি লিটার অকটেনের ব্যয় ১৫৫ টাকা ২৬ পয়সা হলেও বিক্রয়মূল্য ১৬৫ টাকা। প্রতি লিটার পেট্রোলের ব্যয় ১৫১ টাকা ২৬ পয়সা, বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে ফার্নেস অয়েলের ক্ষেত্রে লোকসান রয়েছে। প্রতি লিটার ফার্নেস অয়েলের ব্যয় ১৪১ টাকা ২৬ পয়সা হলেও ভর্তুকি দিয়ে বিক্রি করা হচ্ছে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
মূলধন সংকটে বিপিসি, আটকে আছে আমানত: জ্বালানি তেলের ব্যয় নির্বাহ করতে গিয়ে বিপিসির মূলধনেও টান পড়েছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিটসহ বিভিন্ন প্রকল্পের হিসাব থেকে এ পর্যন্ত ২১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই মাসের জ্বালানি তেল আমদানির ব্যয় সমপরিমাণ অর্থের প্রয়োজন হয়। বিপিসির হিসাবে, এ জন্য ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি টাকা থাকা প্রয়োজন। অথচ বর্তমানে সংস্থাটির হাতে চলতি মূলধন রয়েছে মাত্র ৬ হাজার ১২৯ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে ৩২টি ঋণপত্রের বিপরীতে ৫ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতি রয়েছে।
চলতি বছরের ১ মার্চ বিপিসির আর্থিক স্থিতি ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। সাড়ে আট মাসের ব্যবধানে গত ৮ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৯ কোটি টাকায়।
মূলধন সংকটের বিষয়টি স্বীকার করে বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সংস্থাটির প্রায় ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা আটকে আছে। এসব অর্থ ফেরত পেতে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে অর্থ আদায় করা যায়, সে লক্ষ্যে কমিটি কাজ করছে। তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন করে কোনো স্থায়ী আমানতও করেননি।
এদিকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে জ্বালানি তেলের ওপর সাময়িকভাবে সম্পূর্ণ মূল্য সংযোজন কর প্রত্যাহারের সুপারিশ করেছে বিপিসি। বিকল্প হিসেবে আগের মতো নির্ধারিত শুল্কায়ন মূল্যের ভিত্তিতে শুল্ক-কর আরোপ অথবা আমদানি চালান মূল্যের ভিত্তিতে শুল্ক-কর কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
বর্তমানে প্রতি লিটার ডিজেলের বিপরীতে শুল্ক-কর দিতে হয় ৩৫ টাকা। আগে নির্ধারিত শুল্কায়ন মূল্যের ভিত্তিতে প্রতি লিটারে এ পরিমাণ ছিল ১৬ টাকা ৭৬ পয়সা।
২০২৫ সালের জুন থেকে জ্বালানি তেল আমদানির শুল্কায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। এর আগে নির্ধারিত শুল্কায়ন মূল্যের ভিত্তিতে শুল্ক ও কর হিসাব করা হতো। নতুন পদ্ধতিতে জ্বালানির প্রকৃত আমদানি মূল্য বা চালান মূল্যের ভিত্তিতে শুল্ক-কর নির্ধারণ করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয়ের পাশাপাশি শুল্ক ও করের পরিমাণও বেড়ে যায়।
সানা/কেএমএএ/আপ্র/২০/১১/২০২৬