চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর এবং একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় যুবদল ও ছাত্রদলের অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ওই এলাকায় যান। এ সময় মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর অতর্কিতে শোভাযাত্রায় হামলা চালান স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী। হামলায় অন্তত ছয়জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় তাঁদের ছয় থেকে সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা অন্তত চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান বলেন, এলাকায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। হামলার পর অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাঁদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২২/১১/২০২৬