দেশের বাজারে টানা দরপতনে এক বছর পর দুই লাখ টাকার নিচে নেমেছে ২২ ক্যারেট সোনার ভরি। শনিবার (২২ নভেম্বর) রাতে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। নতুন দাম রোববার থেকে কার্যকর হবে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে এর দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার ভরি দুই লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার দাম কমে ২৯ অক্টোবর দুই লাখ টাকার নিচে নেমেছিল। এরপর থেকে দাম এই সীমার ওপরেই ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরি সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল। এরপর বিভিন্ন সময়ে দাম বাড়া-কমার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তবে চলতি নভেম্বর থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করে সোনার দাম। সর্বশেষ দর সমন্বয়ের ফলে তা আবার দুই লাখ টাকার নিচে নেমে এসেছে।
দাম কমার কারণ সম্পর্কে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর কমে যাওয়ায় দেশের বাজারেও সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী। মাঝেমধ্যে বাড়লেও বেশির ভাগ সময়ই কমেছে। গত এক বছরে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলারের বেশি কমেছে বলে তাঁদের হিসাব। এর ধারাবাহিকতায় দেশের বাজারেও দাম কমানো হয়েছে।
এর আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। পরদিনই ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর থেকে টানা সাত দফায় দাম কমিয়েছে বাজুস।
সর্বশেষ শুক্রবার এক দফায় ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়। এতে দাম নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়। এর এক দিন পর শনিবার রাতে নতুন করে দাম কমানোর ঘোষণা আসে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে সোনার দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নিয়ে কঠোর অবস্থান বজায় রাখতে পারে- এমন ইঙ্গিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানির শেয়ারের দরপতন সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে নেমে আসে। এর আগে দিনের লেনদেনে দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে পৌঁছায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর।
চলতি সপ্তাহে এ পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
সানা/আপ্র/২২/১১/২০২৬