হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে সাত কেজি ২৪ ক্যারেটের সোনার পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় সৌদি আরব থেকে সোনা এনে দেশে পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার পেস্টের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী দুই নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জ সদর এলাকার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার মো. শাওন (৩৯)।
এপিবিএন জানায়, আটকের পর তাঁদের বিমানবন্দর এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরে স্বর্ণকারের পরীক্ষা ও রাসায়নিক পরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেটের সোনার পেস্ট বলে শনাক্ত হয়।
এপিবিএনের ভাষ্য অনুযায়ী, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে সোনা এনে জুয়েল ও শাওনসহ একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশে পাচার করতেন তিনি।
এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। উদ্ধার করা সোনার পেস্টের মূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সানা/আপ্র/২২/১১/২০২৬