ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন। মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও ওমর সানী রয়েছেন বাংলাদেশে। তাদের আলাদা থাকা নিয়ে বিচ্ছেদের নানা গুঞ্জন ছড়ালেও এর পেছনে রয়েছে পারিবারিক দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়া।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর অসুস্থ মায়ের দেখাশোনা এবং মেয়ে ফাইজার পড়াশোনার কারণে আর দেশে ফেরা হয়নি তার। বয়সজনিত নানা শারীরিক সমস্যার পাশাপাশি স্মৃতিলোপজনিত রোগে ভুগছেন মৌসুমীর মা। এ কারণে মায়ের পাশে থাকাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।
অন্যদিকে, শাশুড়ির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মৌসুমীকে যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছেন ওমর সানী। চলতি বছরের জানুয়ারিতে একটি পডকাস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও তা পাননি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে মেয়ে ফাইজার সঙ্গে রয়েছেন মৌসুমী। সেখানে রূপচর্চাবিষয়ক বিষয়ে পড়াশোনা করছেন ফাইজা। তাদের ছেলে ফারদীন এহসান স্বাধীন রয়েছেন দুবাইয়ে। অন্যদিকে, বাংলাদেশে পারিবারিক ব্যবসা, অভিনয় এবং রেস্তোরাঁর ব্যবসা দেখাশোনা করছেন ওমর সানী।
দুই দেশে অবস্থান করলেও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ রাখেন তারা। চলতি বছরের ৬ মে ওমর সানীর জন্মদিনে ভালোবাসার বার্তা পাঠান মৌসুমী। আবার ৩ নভেম্বর স্ত্রীর জন্মদিনেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান ওমর সানী।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানী। বিয়ের প্রায় দেড় বছর পর ২ আগস্ট অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনে নানা সময়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও এখনো একসঙ্গেই রয়েছেন এই তারকা দম্পতি।
এসি/আপ্র/২২/১১/২০২৬