গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

হঠাৎ পেটব্যথা মানেই গ্যাস নয়, হতে পারে অ্যাপেন্ডিসাইটিস

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:১৯ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৯ এএম ২০২৬
হঠাৎ পেটব্যথা মানেই গ্যাস নয়, হতে পারে অ্যাপেন্ডিসাইটিস
ছবি

হঠাৎ পেটব্যথা মানেই গ্যাস নয়, হতে পারে অ্যাপেন্ডিসাইটিস

হঠাৎ পেটে ব্যথা শুরু হলেই অনেকে গ্যাস বা বদহজম ভেবে বিষয়টি এড়িয়ে যান। বিশেষ করে শিশুদের পেটব্যথার ক্ষেত্রে অভিভাবকেরা অনেক সময় খাবারের সমস্যা, কোষ্ঠকাঠিন্য কিংবা অম্বলকে কারণ হিসেবে ধরে নেন। কখনো বাইরের খাবার খেয়ে পেট খারাপ হয়েছে ভেবে ওষুধ খাইয়ে দেন। কিন্তু সব পেটব্যথার কারণ হজমের গোলমাল নয়। সাধারণ পেটব্যথার আড়ালেও লুকিয়ে থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিসের মতো গুরুতর রোগ।

সময়মতো রোগটি শনাক্ত করে চিকিৎসা না করালে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে লক্ষণ সব সময় স্পষ্ট না হওয়ায় ঝুঁকি আরও বেশি। তাই পেটব্যথাকে অবহেলা না করে এর ধরন ও সঙ্গে থাকা অন্যান্য উপসর্গের দিকে নজর দেওয়া জরুরি।

অ্যাপেন্ডিসাইটিস কী?

আমাদের বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত আঙুলের মতো ছোট একটি থলি রয়েছে, যার নাম অ্যাপেন্ডিক্স। এই অংশে প্রদাহ তৈরি হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। সাধারণত কোনো কারণে অ্যাপেন্ডিক্সের মুখ বন্ধ হয়ে গেলে এর ভেতরে ব্যাকটেরিয়া জমে সংক্রমণ ও প্রদাহ সৃষ্টি করতে পারে। এতে অ্যাপেন্ডিক্স ফুলে যায় এবং পেটে ব্যথা শুরু হয়।

প্রথম দিকে সমস্যাটি খুব গুরুতর মনে না হলেও সময়ের সঙ্গে প্রদাহ বাড়তে পারে। দ্রুত চিকিৎসা না হলে অ্যাপেন্ডিক্সে পুঁজ জমতে পারে, এমনকি সেটি ফেটেও যেতে পারে। অ্যাপেন্ডিক্স ফেটে গেলে সংক্রমণ পেটের ভেতরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এর ফলে পেরিটোনাইটিস বা পেটের ভেতরের আবরণে সংক্রমণ হতে পারে। সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়লে সেপসিসের মতো প্রাণঘাতী জটিলতাও দেখা দিতে পারে। তাই অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নাভির আশপাশে ব্যথা, পরে সরে যায় ডান দিকে

অ্যাপেন্ডিসাইটিসের অন্যতম পরিচিত লক্ষণ পেটব্যথা। তবে এই ব্যথা সাধারণত শুরু থেকেই পেটের নিচের ডান দিকে হয় না। অনেক ক্ষেত্রে প্রথমে নাভির চারপাশে হালকা বা অস্পষ্ট ব্যথা অনুভূত হয়। কয়েক ঘণ্টা পর ব্যথা ধীরে ধীরে পেটের নিচের ডান দিকে সরে যেতে পারে। সময়ের সঙ্গে ব্যথার তীব্রতাও বাড়তে থাকে।

হাঁটাচলা, কাশি, হাঁচি, লাফানো কিংবা শরীরের ভঙ্গি পরিবর্তন করলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশু পেটব্যথার কারণে সোজা হয়ে হাঁটতে না পারলে, কুঁকড়ে থাকলে কিংবা নড়াচড়া করতে না চাইলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

বমি বমি ভাব ও জ্বরও হতে পারে

শুধু পেটব্যথাই নয়, অ্যাপেন্ডিসাইটিসের সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে ক্ষুধা কমে যাওয়া, বমি বমি ভাব, বমি, সামান্য জ্বর এবং মলত্যাগের অভ্যাসে পরিবর্তন। অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানাও হতে পারে। পেট ফুলে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।

তবে সব রোগীর ক্ষেত্রে একই ধরনের লক্ষণ দেখা যায় না। কারও ব্যথা দ্রুত বাড়ে, আবার কারও ক্ষেত্রে উপসর্গ কিছুটা অস্পষ্ট থাকে। তাই শুধু ব্যথার স্থান বা জ্বরের উপস্থিতি দেখে নিজে থেকে রোগ নির্ণয় করা ঠিক নয়।

ছোট শিশুদের ক্ষেত্রে চেনা কঠিন কেন?

বড়রা সাধারণত কোথায় ব্যথা হচ্ছে বা কেমন লাগছে, তা বোঝাতে পারেন। কিন্তু ছোট শিশুরা সব সময় নিজেদের সমস্যার কথা স্পষ্ট করে বলতে পারে না। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের পরিচিত লক্ষণ অনেক সময় দেখা যায় না। তারা পেটের ঠিক কোন অংশে ব্যথা হচ্ছে, তা বোঝাতে না পেরে শুধু কান্নাকাটি করতে পারে কিংবা অস্বাভাবিক আচরণ করতে পারে।

কিছু শিশুর ক্ষেত্রে তীব্র পেটব্যথার পরিবর্তে ডায়রিয়া, পেটফাঁপা, বমি বা দুর্বলতা দেখা দিতে পারে। কেউ খেতে চাইবে না, কেউ আবার খেলাধুলা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকবে। যে শিশু সাধারণত খুব চঞ্চল, সে যদি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে, কোলে থাকতে চায় কিংবা পেটের অস্বস্তির কারণে হাঁটাচলা করতে না চায়, তাহলে অভিভাবকদের সতর্ক হওয়া প্রয়োজন।

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

পেটব্যথা ক্রমশ বাড়তে থাকলে, নাভির চারপাশ থেকে পেটের নিচের ডান দিকে সরে গেলে কিংবা ব্যথার সঙ্গে বমি ও জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর পেটব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হলে, স্বাভাবিক খাওয়াদাওয়া বন্ধ হয়ে গেলে বা নড়াচড়া করতে কষ্ট হলে দেরি করা উচিত নয়। তীব্র ব্যথা, অস্বাভাবিক নিস্তেজ ভাব, পেট ফুলে যাওয়া কিংবা শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি বিভাগে নিতে হবে।

অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ হলে বাড়িতে বসে গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের ওষুধ খাইয়ে অপেক্ষা করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অন্য ওষুধ দিয়ে উপসর্গ চাপা দেওয়ার চেষ্টাও করা উচিত নয়। চিকিৎসক শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ডের মতো পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে পারেন।

সময়মতো রোগ শনাক্ত হলে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। তাই বিশেষ করে শিশুদের পেটব্যথার ক্ষেত্রে অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া জরুরি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মেডিকেল নিউজ টুডে


এসি/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি
২২ নভেম্বর ২০২৬

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি

জীবন মানেই কি শুধু কাজ, দায়িত্ব আর প্রতিদিনের একই রুটিন? সকাল থেকে রাত পর্যন্ত অফিস, সংসার কিংবা ব্য...

সুস্থ থাকতে মাসে কতটুকু রান্নার তেল খাবেন
২১ নভেম্বর ২০২৬

সুস্থ থাকতে মাসে কতটুকু রান্নার তেল খাবেন

রান্নায় তেল ছাড়া যেন চলেই না। সবজিতে ফোড়ন দেওয়া, মাছ ভাজা কিংবা পরোটা-পাকোড়া তৈরি—প্রায় প্রতিটি খাবা...

আজ ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন
২১ নভেম্বর ২০২৬

আজ ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন

একটি ছোট্ট শুভেচ্ছা বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরব...

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, কি এর ইতিহাস?
১৯ নভেম্বর ২০২৬

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, কি এর ইতিহাস?

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই