পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা ও পুলিশসহ নিরাপত্তা বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে প্রদেশটির মাসটাং জেলায় ১৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
শনিবার দিনভর চালানো দুই দফা অভিযানে তাঁদের মৃত্যু হয়। বেলুচিস্তানে অভিযানের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, শনিবার মাসটাং জেলার বিভিন্ন এলাকায় দুই দফায় অভিযান চালানো হয়। প্রথম দফায় পাঁচজন এবং দ্বিতীয় দফায় ১০ জন নিহত হন। এ সময় কয়েকটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় দফা অভিযান শেষে মাসটাংয়ের কিল্লি পাসান্দ খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকাকে ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা করে নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বেলুচিস্তান থেকে বিচ্ছিন্নতাবাদ নির্মূল করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। শেষ বিচ্ছিন্নতাবাদী নিহত বা নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এ দুটি প্রদেশই ছিল দেশটির সহিংসতার প্রধান কেন্দ্র। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া।
প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে সহিংসতার ঘটনায় পাকিস্তানে মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জন খাইবার পাখতুনখোয়ায় এবং ৩৪ শতাংশ বা ২৬৫ জন বেলুচিস্তানে প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া খাইবার পাখতুনখোয়ায় সবচেয়ে বেশি ১৫১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা দেশজুড়ে মোট ঘটনার ৫৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ। সূত্র: জিও নিউজ
সানা/আপ্র/২২/১১/২০২৬