মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান-সমর্থিত সংবাদমাধ্যম। প্রস্তাবিত এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফেরেইদুন’। ট্যাংকারগুলো চীনের উদ্দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে জাহাজগুলো জড়ো হচ্ছে। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, ট্যাংকারগুলোতে নাবিক রয়েছেন এবং সেগুলোতে ইরানের পতাকা ওড়ানো হয়েছে। তবে বহর পাঠানোর পরিকল্পনা কিংবা অভিযানের বিষয়ে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রথম এ ধরনের অভিযানের প্রস্তাব প্রকাশ করে। ‘অপারেশন ফেরেইদুন’ নামের এই পরিকল্পনায় মার্কিন অবরোধ অতিক্রম করে ট্যাংকারগুলো চীনে পাঠানোর কথা বলা হয়েছে। ইরানের কট্টরপন্থি সংবাদমাধ্যম ও আইআরজিসি-ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাষ্ট্র বাধা দিলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছেন।
এদিকে, মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানি কর্মকর্তাদের বক্তব্যও কঠোর হচ্ছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, অবরোধ ভাঙতে ইরান সর্বাত্মক চেষ্টা চালাবে। একই সঙ্গে তেল রপ্তানি অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার পথও খোলা রাখার কথা জানান তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দর ও উপকূল থেকে আসা পণ্যবাহী জাহাজের ওপর নজরদারি ও অবরোধ কার্যক্রম জোরদার করে। এমনকি সমুদ্রে অন্য জাহাজ থেকে ইরানি পণ্য গ্রহণ করা জাহাজকেও অবরোধ এড়ানোর চেষ্টা হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এ ধরনের জাহাজ থামানো, তল্লাশি, গতিপথ পরিবর্তন কিংবা আটক করার ক্ষমতা প্রয়োগের কথাও জানিয়েছে তারা।
বিশ্লেষকদের মতে, ইরানের তেল রপ্তানি সচল রাখার এই প্রচেষ্টা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সামরিক উত্তেজনা আরো বাড়তে পারে। বিশেষ করে ট্যাংকার আটকে দেওয়ার চেষ্টা এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি পরিস্থিতিকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, রয়টার্স, ফার্স নিউজ এজেন্সি ও ইরান ইন্টারন্যাশনাল
সানা/আপ্র/২২/১১/২০২৬