গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া-কানাডা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৭ এএম ২০২৬
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া-কানাডা
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকেও বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশ দুটি থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দুই দেশ থেকে আসা অর্থ দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ ডলার, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ ডলার এবং অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার এসেছে। চার মাসের হিসাবে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। একই সঙ্গে বৈধ ব্যাংকিং চ্যানেলে কষ্টার্জিত অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আস্থা বাড়ারও প্রতিফলন এটি।

তিনি বলেন, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পাশাপাশি অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান আরো বলেন, রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং বৈধ বৈদেশিক মুদ্রাবাজার শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়ছে।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব শ্রমিকের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের আশিক মজুমদার বাসসকে বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এখন বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানো আগের চেয়ে সহজ হয়েছে। তিনি সহজেই বাংলাদেশে থাকা বাবার ভরণপোষণের জন্য অর্থ পাঠাতে পারছেন। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া উদ্যোগগুলোরও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাসসকে বলেন, রেমিট্যান্সের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি অর্থনীতির জন্য প্রয়োজনীয় সহায়তা জোগাচ্ছে।

তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করার পাশাপাশি অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বাড়ায় এবং দেশের বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করে।

অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোতে দক্ষ ও পেশাজীবী জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে বিদেশে বাংলাদেশের কর্মসংস্থানের গন্তব্য আরও বিস্তৃত হবে। এতে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্স আয়ের সম্ভাবনাও বাড়বে।

তাদের মতে, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারলে প্রবাসী আয়ের ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সীমিতসংখ্যক দেশের ওপর রেমিট্যান্সের নির্ভরশীলতাও কমবে।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
২২ নভেম্বর ২০২৬

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভ...

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে
২১ নভেম্বর ২০২৬

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে

বিশ্ববাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় সোনার দাম আরও এক দফা বড় ধাক্কা খেয়েছে। এক দিনে ৪ দশমিক ৩৩ শতাং...

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি
২০ নভেম্বর ২০২৬

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে আরো ৫ হাজার কোটি টাকা ভর্তুকি...

একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা
২০ নভেম্বর ২০২৬

একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এক দিনেই ভরিপ্রতি সর্বোচ্চ ১০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই