বিশ্ববাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় সোনার দাম আরও এক দফা বড় ধাক্কা খেয়েছে। এক দিনে ৪ দশমিক ৩৩ শতাংশ কমে মূল্যবান এই ধাতুর প্রতি আউন্সের দাম নেমে এসেছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। সর্বশেষ প্রায় ১৪ মাস আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দাম এই পর্যায়ে ছিল।
শনিবার (২১ নভেম্বর) গোল্ডপ্রাইস ডট অর্গ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
গত কয়েক বছর ধরে বিশ্ববাজারে সোনার দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেখা যায়। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে পৌঁছেছিল। তবে সেই রেকর্ড উচ্চতা থেকে এবার বড় ধরনের দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি—এসব কারণে সোনার বাজারে চাপ তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ঝুঁকি কমাতে সোনার গুরুত্ব এখনো রয়েছে বলে মনে করছেন অনেকে।
বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমছে।
ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ডলারের শক্তিশালী অবস্থান, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। ফলে এসব মূল্যবান ধাতুর দাম কমছে।
লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার বলেন, সোনা কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে সোনার এই ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে মুদ্রার মতো আচরণ করার প্রবণতাই সোনার দাম কমার পেছনে ভূমিকা রাখছে।
কুপার আরও বলেন, দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয় ২০২৬ সালে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর ভিত্তি তৈরি করেছিল। ওই সময় যেসব বিনিয়োগকারীর বিনিয়োগের তালিকায় সোনার পরিমাণ কম ছিল, তাঁরাও নতুন করে স্বর্ণ কিনতে শুরু করেন।
যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসের ভাষ্য, কম সুদের হার, ভবিষ্যতে সুদের হার আরও কমার সম্ভাবনা এবং ডলারের নাজুক অবস্থান—সব মিলিয়ে তখন সোনার অনুকূলে পরিস্থিতি তৈরি হয়েছিল।
তাঁর মতে, সোনাসহ অন্যান্য পণ্যে বিনিয়োগকারীদের জন্য ওই সময়টি ছিল বেশ অনুকূল। সুদের হার কম থাকায় বিনিয়োগকারীরা তুলনামূলক ভালো আয় করতে পেরেছিলেন। অন্যদিকে নগদ অর্থ হাতে রাখলে উল্লেখযোগ্য কোনো মুনাফা পাওয়া যাচ্ছিল না। ফলে অর্থের ক্রয়ক্ষমতা ধরে রাখতে অনেকেই বিকল্প বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকেছিলেন।
আন্তর্জাতিক বাজারে সোনার এই দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত মোট আট দফায় ভরিপ্রতি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুধু শুক্রবারই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা।
এতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে গয়না কেনার আগ্রহ বাড়লেও বেশি দামে সোনা কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
এসি/আপ্র/২১/১১/২০২৬