দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারো মঞ্চে ফিরছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিও গার্ডেনে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বলিউড পরিচালক সুভাষ ঘাই।
২০২৪ সাল থেকে বিরল শ্রবণজনিত সমস্যার কারণে গান ও মঞ্চের অনুষ্ঠান থেকে দূরে রয়েছেন অলকা। সেনসোরিনিউরাল নার্ভ হিয়ারিং লস নামের রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন তিনি। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্ত ও সংগীতাঙ্গনে।
গত জুনে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মাননা গ্রহণ করতে যান এই শিল্পী। সেদিন তাঁকে হুইলচেয়ারে করে মঞ্চে নিয়ে যাওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়েই চলাফেরায় সহযোগিতা করেন একজন সহকারী। তাঁর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এবার অলকার মঞ্চে ফেরার খবর দিয়েছেন পরিচালক সুভাষ ঘাই। তাঁর আয়োজনে ‘ক্যায়া জমানা থা’ শীর্ষক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন এই গায়িকা। সম্প্রতি অলকার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সুভাষ। পরে সেই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
সুভাষ ঘাই জানান, অলকার কণ্ঠ, উজ্জ্বলতা ও প্রাণশক্তি এখনো আগের মতোই রয়েছে। ১১ ডিসেম্বর জিও গার্ডেনে আয়োজিত অলকার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন পরিচালক।
আমন্ত্রণ পেয়ে অলকা উঠে দাঁড়িয়ে হাসিমুখে বলেন, ‘আমি অবশ্যই আসব।’ তাঁর এমন সাড়া পেয়ে সবাই আনন্দিত হয়েছেন বলেও জানান সুভাষ ঘাই।
দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীর মঞ্চে ফেরার খবরে স্বাভাবিকভাবেই আশাবাদী তাঁর ভক্তরা। তবে অনুষ্ঠানটিতে তাঁর অংশগ্রহণের বিষয়টি আপাতত পরিচালকের দেওয়া তথ্যের ভিত্তিতেই জানা গেছে।
সানা/আপ্র/২১/১১/২০২৬