ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িটি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন ইতালিপ্রবাসী ভারতীয় শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাঙ্গ। ২০২০ সালে কেনা ছয় কক্ষের বাড়িটি আগের অবস্থায় সংরক্ষণ করেছেন তিনি। দেয়ালে শুধু ভারতের জাতীয় পতাকার রং ব্যবহার করে লেখা হয়েছে, ‘ইন্ডিয়া হাউস, সোনিয়া গান্ধীর জন্মস্থান, ৯ ডিসেম্বর ১৯৪৬’।
সম্প্রতি ভারতের পাঞ্জাবের অমৃতসর সফরে গিয়ে সুখদেব সিং জানান, ইতালির ভেনেতো অঞ্চলের লুসিয়ানা গ্রামে অবস্থিত বাড়িটিতে জাদুঘর প্রতিষ্ঠা করতে চান তাঁরা। অনেকে বাড়িটিকে ঐতিহ্যবাহী হোটেল কিংবা গুরুদুয়ারায় রূপান্তরের পরামর্শ দিলেও পরিবারের ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সুখদেব সিং বলেন, সোনিয়া গান্ধী এবং তাঁর সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান। তাঁদের কাছ থেকে পরিবারের আরো স্মৃতি ও গল্প জেনে জাদুঘরে কী কী স্মারক রাখা যায়, তা নির্ধারণ করবেন। সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’ প্রকাশের পর তাঁর শৈশব ও পারিবারিক ইতিহাস নিয়ে আগ্রহ বাড়ায় এ উদ্যোগ আরো গুরুত্ব পেয়েছে।
বাড়িটি ভাড়া দিলে মাসে প্রায় ৮০০ ইউরো আয় করা সম্ভব হতো। কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিবর্তে এর দেখাশোনার জন্য একজন তত্ত্বাবধায়ক রেখেছেন তিনি, যাঁকে মাসে ১০০ ইউরো বেতন দেওয়া হয়। বাড়িটির বার্ষিক কর প্রায় এক হাজার ইউরো। বাড়ি কেনার অর্থের পরিমাণ অবশ্য প্রকাশ করেননি তিনি। স্ত্রী ও মেয়ের নামে বাড়িটি কিনেছেন সুখদেব সিং। তিনি লুসিয়ানা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে ব্রেসচিয়া এলাকায় বসবাস করেন। জাদুঘর প্রতিষ্ঠার জন্য সরকারের প্রয়োজনীয় অনুমতিও পেয়েছেন।
সোনিয়া গান্ধীর বাবা স্টেফানো মাইনো পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এ গ্রামেই সোনিয়ার শৈশব-কৈশোর কেটেছে। ইতিমধ্যে বাড়িটি দেখতে পর্যটকেরা সেখানে যেতে শুরু করেছেন। তাঁদের আনাগোনায় স্থানীয় হোটেল, খাবারের দোকানসহ এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। প্রতিবছর সোনিয়া গান্ধীর জন্মদিনে বাড়িটিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন সুখদেব সিং ও তাঁর পরিবার।
সানা/আপ্র/২১/১১/২০২৬