চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩৩ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে ৯৯ জনসহ বিভিন্ন অপরাধে মোট ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) ২৪ ঘণ্টাব্যাপী অভিযান শেষে রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
রেঞ্জের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায়, ১৭৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৪৩, লক্ষ্মীপুরে ২৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, কক্সবাজারে ১৬, খাগড়াছড়িতে ১৫, নোয়াখালীতে ১৪, রাঙামাটিতে ৯, চাঁদপুরে ৮, বান্দরবানে ৭ এবং ফেনীতে ৩ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া ৭১১ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬৯, পূর্ববর্তী মামলায় ১২৪, পুলিশ আইনের ৩৪ ধারায় ১৬ এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১২, পরোয়ানাভুক্ত ১০৩ এবং সাজা পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেফতার ৯৯ জনের মধ্যে কুমিল্লায় ৪১, চট্টগ্রামে ১৮, নোয়াখালীতে ১০, খাগড়াছড়িতে ৯, চাঁদপুরে ছয়, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে পাঁচজন করে, ফেনীতে তিন এবং কক্সবাজারে দুজন রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে ২৩টি মামলা হয়েছে। মাদকসেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরো ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে কারাদণ্ড এবং ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ৪ হাজার ৪৭২টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল বিদেশি মদ এবং ১৪৩ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
সানা/আপ্র/২২/১১/২০২৬