দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে হবে অলিম্পিক আসর। আর সেই আসরে জায়গা করে নেওয়ার লড়াইয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখবে বাংলাদেশ।
ক্রিকেটে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নারীদের চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব।
বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ সংবাদ সম্মেলনে জানালেন ম্যাচগুলো ঢাকাতে আয়োজনের পরিকল্পনার কথা, 'আমরা চেষ্টা করব, যেন সব ম্যাচ (অলিম্পিক বাছাইপর্বের) ঢাকায় আয়োজন করা যায়। আমি মনে করি, বাংলাদেশের জন্য এটি দারুণ একটি অর্জন।'
পরে তামিম জানান, 'অলিম্পিকে ছয়টি দলের মধ্যে পাঁচটি দল ইতোমধ্যে নির্বাচিত হয়েছে। বাকি একটি জায়গার জন্য আট দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বের ভেন্যু নিয়ে গত তিন-চার মাস ধরে আমি আলোচনা করছিলাম, যেন বাংলাদেশ আয়োজক হতে পারে। আমি মনে করি, এটি অনেক বড় অর্জন।
অলিম্পিক বাছাইপর্বের মতো একটি ইভেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।' টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রে বড় বড় দেশের বিপক্ষে খেলার সুযোগ পাবে বলে আশাবাদী তামিম।
তিনি বলেন, 'আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, যেন টেস্ট চ্যাম্পিয়নশিপে দেশের মাটিতে ভালো দলগুলোর বিপক্ষে খেলতে পারি। একইভাবে দেশের বাইরেও ভালো দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো সাড়া পেয়েছি।'
ডিসি/আপ্র/২২/১১/২০২৬