গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৪ এএম ২০২৬
ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

উইকেটের পেছনে ক্যাচ দিয়ে রকিবুল হাসান যখন ফিরলেন, তখন জয় থেকে ১৩ রান দূরে বাংলাদেশ ‘এ’ দল। ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান ইকবাল হোসেন ইমন ও রিপন মন্ডল। ম্যাচের পাল্লা তখন কিছুটা আফগানিস্তানের দিকে হেলে। 

তবে তরুণ পেসার ইকবাল দেখালেন চমক। তার চার-ছক্কায় দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। এশিয়ান কাপ রাইজিং স্টারসের ম্যাচে শনিবার আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট পেল বাংলাদেশ। 

 

কাতারের দোহায় ১৭৪ রানের পুঁজি নিয়ে ম্যাচ জমিয়ে তোলে আফগানরা। তবে শেষ উইকেটের বীরত্বে আনন্দে ভাসে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। পরপর দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। একইসঙ্গে সেমি-ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

 

 দুই ম্যাচ হেরে বিদায়ঘণ্টা বেজেছে আফগানিস্তানের। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে নির্ধারিত হবে গ্রুপসেরা।


লক্ষ্য ছোট হলেও, বাংলাদেশের স্বীকৃত ব্যাটারদের কেউ টিকতে পারেননি। ষষ্ঠ উইকেটে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন আশার আলো দেখালেও, দুজনই বিলিয়ে দেন নিজের উইকেট। রান তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। 

 

এএম গাজানফারের তৃতীয় বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় ডিপ স্কয়ার লেগ সীমানায় ক্যাচ দেন সাইফ হাসান। শুরুর চাপ সামলে ধীরেসুস্থে জুটি গড়েন পারভেজ হোসেন ও শাহাদাত হোসেন। প্রথমে দেখেশুনে এগোতে থাকেন দুই ব্যাটসম্যান। 

 

ষষ্ঠ ওভারে নাভিদ জাদরানের বলে ছক্কা মেরে গা ঝাড়া দেন পারভেজ। নবম ওভারে গাজানফারের বলে পরপর দুই ছক্কার পর চার মারেন বাঁহাতি ওপেনার। সব মিলিয়ে ওভারটি থেকে আসে ১৮ রান। যদিও বেশিক্ষণ এই ঝড় অব্যাহত রাখতে পারেননি পারভেজ। 

 

পাওয়ার প্লের শেষ ওভারে নাভিদের বলে কট বিহাইন্ড হন তিনি, ২৭ বলে ৩৩ রান করে। 

 

তার বিদায়ে ভাঙে ম্যাচের সর্বোচ্চ ৫০ রানের জুটি। ১৭তম ওভারে জোড়া আঘাত করেন নাসির খান মারুফখিল। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেন ২০ রান করা ইয়াসির আলি। দুই বল পর চমৎকার ডেলিভারিতে ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে ধরা পড়েন শাহাদাত। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ২৫ রান।


পরের ওভারে ইরফান শুক্কুরও ফিরে গেলে স্রেফ ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ধীরেসুস্থে দলের রান বাড়াতে থাকেন তারা। ব্যক্তিগত ১২ রানে অল্পের জন্য স্লিপে ধরা পড়েননি সাব্বির। 

 

পরে আর ১৬ রান যোগ করতে পারেন তিনি। নাভিদের লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে কট বিহাইন্ড হন ৪৩ বলে ২৮ রান করা সাব্বির। 

 

আম্পায়ারের সিদ্ধান্ত যেন মানতেই পারছিলেন না তিনি, লম্বা সময় ক্রিজে দাঁড়িয়ে থাকেন। সাব্বিরের বিদায়ে ভাঙে ৮৯ বলে ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটি। পরে বিপদ আরও বাড়তে পারত। স্লিপে মোহাম্মদ রুবেলের ক্যাচ ছেড়ে দেন হাসান ইসাখিল। 

 

বেঁচে গিয়ে সাইফউদ্দিনকে সঙ্গ দেন লেজের এই ব্যাটসম্যান। হুট করেই মনোযোগ হারান সাইফউদ্দিন। ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন ৮০ বলে ২৮ রান করা অলরাউন্ডার। পরের ওভারে কাইস আহমেদের বলে কাভারে ক্যাচ দেন রুবেল। এরপর ফারমানউল্লাহ শাফির বলে কট বিহাইন্ড হন রকিবুল হাসান। 

 

তখনও জয়ের জন্য প্রয়োজন ১৩ রান। দশম উইকেট জুটিতে প্রথম ৮ বলে ৩ রান নেন রিপন ও ইকবাল। ৪৬তম ওভারে ফারমানউল্লাহর বলে প্রথমে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মারেন ইকবাল। পরের বল লং অন দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তরুণ পেসার। আফগানদের হয়ে ৩ উইকেট নেন নাভিদ। মারুফখিল ও ফারমানউল্লাহর শিকার ২টি করে উইকেট।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই দুই অঙ্ক স্পর্শ করলেও, কেউ ইনিংস বড় করতে পারেননি। ঝড়ো শুরুর আভাস দিয়ে দুই চার ও এক ছক্কায় ১৩ বলে ১৬ রান করে ফেরেন হাসান। সমান দুই চার ও এক ছক্কায় ১৮ বলে ১৯ রান করা আরেক ওপেনার ইমরান মিরকেও ড্রেসিং রুমে ফেরত পাঠান রিপন মন্ডল। পাওয়ার প্লেতে দুই ওপেনারের বিদায়ের পর বলার মতো কোনো জুটিই গড়তে পারেনি আফগানরা। ভালো শুরুর পরও ইনিংস টেনে নিতে পারেননি ফায়সাল শিনোজাদা, দারভিশ রাসুলি। 

 

আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো বাহির শাহও সামর্থ্যের ছাপ রাখতে ব্যর্থ হন। পরে ফারমানউল্লাহ শাফি ও কাইস আহমেদকে আউট করেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। সতীর্থদের আসা-যাওয়ার ভিড়ে একপ্রান্ত আগলে রাখেন ইকরাম আলিখিল। 

 

অষ্টম উইকেটে তার সঙ্গে দলের সর্বোচ্চ ৪৪ রানের জুটি গড়েন মারুফখিল। ১৭ রান করে আউট হন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া আফগান অধিনায়ক খেলেন ৯৪ বলে ৪৮ রানের ইনিংস। 

 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন। রহস্য স্পিনার রুবেল ১০ ওভারে দুই মেডেনসহ মাত্র ২১ রানে নেন ২ উইকেট। এছাড়া সাইফ হাসান ও ইকবাল হোসেন ইমনও পান ২টি করে উইকেট। একই মাঠে সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

 


সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ‘এ’: ৪৫ ওভারে ১৭৪ (ইমরান ১৯, হাসান ১৬, ফায়সাল ১৭, রাসুলি ১৯, ইকরাম ৪৮, বাহির ১৫, ফারমানউল্লাহ ০, কাইস ৮, মারুফখিল ১৭, গাজানফার ১, নাভিদ ০*; সাইফউদ্দিন ৫-০-২২-০, রিপন ৮-০-৩৯-৩, রকিবুল ৭-০-৩১-১, ইকবাল ৮-১-৩২-২, রুবেল ১০-২-২১-২, সাইফ হাসান ৭-০-১৭-২)


বাংলাদেশ ‘এ’: ৪৫.৫ ওভারে ১৭৬/৯ (সাইফ হাসান ০, পারভেজ ৩৩, শাহাদাত ২৫, ইয়াসির ২০, ইরফান ১, সাব্বির ২৮, সাইফউদ্দিন ২৮, রুবেল ২৮, রকিবুল ১, রিপন ৫*, ইকবাল ১১*; গাজানফার ১০-০-৫১-১, নাভিদ ১০-২-২৭-৩, মারুফখিল ১০-০-২৪-২, ফারমানউল্লাহ ৮.৫-০-৪০-২, কাইস ৭-১-২৮-১)
ফল: বাংলাদেশ ‘এ’ ১ উইকেটে জয়ী

ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রিয়াল মাদ্রিদের
২২ নভেম্বর ২০২৬

এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রিয়াল মাদ্রিদের

ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদের জালে বল পাঠাল সেল্তা ভিগো। বছর খানেক আগের স্মৃতি হয়তো উঁকি দিচ্ছিল ত...

নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল
২২ নভেম্বর ২০২৬

নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

নিউক্যাসলের মাঠে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্সেনাল বিরতির পর পথ হারাল। অল্প সময়ে দুই গোল খেয়ে বসল তারা...

অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় করার পরিকল্পনা বিসিবির
২২ নভেম্বর ২০২৬

অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় করার পরিকল্পনা বিসিবির

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে হবে অলিম্পিক আসর। আর...

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস
২২ নভেম্বর ২০২৬

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে আর্জেন্টিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই