গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল শুরু
ছবি

রোববার বিকেলে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশে ঝাউবাগানে কার্নিভ্যালের উদ্বোধন করা হয় -ছবি সংগৃহীত

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল-২০২৬’। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশে ঝাউবাগানে এ কার্নিভ্যালের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে প্রায় ৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত এ উৎসবে থাকছে বালুর ভাস্কর্য, কায়াকিং, গো-কার্টিং, সৈকতভিত্তিক খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় পণ্যের প্রদর্শনী ও ক্যাম্পিংসহ নানা আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের বড় একটি অংশ সকালে সমুদ্রসৈকতে সময় কাটান। গোসল ও আনন্দ-উল্লাসের পর সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন না থাকায় অনেক পর্যটক একঘেয়েমিতে ভোগেন। তিন মাসের এ কার্নিভ্যাল তাঁদের অবসর সময় আনন্দময় করে তুলতে ভূমিকা রাখবে।

কক্সবাজারের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার সুযোগ বাড়বে। সমুদ্রসৈকতের পাশাপাশি এ ধরনের আয়োজনও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে। কক্সবাজার একদিন বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে পরিচিতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ ঝাউবাগানে তৈরি বিভিন্ন ধরনের বালুর ভাস্কর্য। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডার শিল্পীরা এসব ভাস্কর্য তৈরি করেছেন। হাতি, রয়েল বেঙ্গল টাইগার, তিমি, হাঙর ও ইলিশের পাশাপাশি জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতিও তুলে ধরা হয়েছে। উপকূলের জেলেদের জীবনসংগ্রাম, বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও ফুটিয়ে তোলা হয়েছে এসব শিল্পকর্মে।

নেদারল্যান্ডসের শিল্পী পল হোগার্ট ও রেমি হোগার্ট তৈরি করেছেন বিশাল আকৃতির হাতির ভাস্কর্য। পল হোগার্ট জানান, তাঁরা বিশ্বের ৩২টি দেশে বালুর শিল্পকর্ম তৈরি করেছেন। এর মধ্যে অন্তত ২৫০টি পূর্ণাঙ্গ হাতির ভাস্কর্য রয়েছে। কক্সবাজারের সমুদ্র ও ঝাউবনের পরিবেশে কাজ করার অভিজ্ঞতাকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন তিনি।

কানাডার শিল্পী ডেভিড বিলিংস তৈরি করছেন জাতীয় সংসদ ভবনের প্রতিকৃতি। এ কাজে তাঁকে সহযোগিতা করছেন বাংলাদেশি শিল্পী জীবন রায়। বালুর ভাস্কর্য তৈরিতে তাঁর প্রায় ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে।

১৬ অঞ্চলে বিনোদনের নানা আয়োজন: কার্নিভ্যালের পুরো এলাকাকে ১৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে খাবারের অঞ্চল, পণ্যবাজার, কারুশিল্প গ্রাম, সুস্থতা কেন্দ্র, শিশুদের বিনোদন অঞ্চল ও ক্যাম্পিং এলাকা। এ ছাড়া থাকছে গো-কার্টিং, কায়াকিং, সৈকতভিত্তিক খেলাধুলা, যোগব্যায়াম, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পর্যটকদের জন্য সমুদ্রের কাছাকাছি তাঁবুতে রাত কাটানোর সুযোগও রাখা হয়েছে। ক্যাম্পফায়ারসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীম উজ্জামান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্যটন করপোরেশন কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট পরিচালনা করে আসছে। তবে এসব স্থাপনাকে প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তারা কক্সবাজারে আধুনিক হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটনসেবা গড়ে তুলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়-পর্বত, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় পর্যটন করপোরেশন। এতে পর্যটনশিল্পের অবদান বাড়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শামীম উজ্জামান জানান, ২০২৫ সালে বিশ্ব পর্যটন খাত থেকে আয় হয়েছে ১১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এ খাতে সরাসরি কর্মসংস্থানে যুক্ত ছিলেন ৩৬ কোটি ৬০ লাখ মানুষ। অথচ বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে পর্যটন খাতের অবদান মাত্র ২ শতাংশ।

পর্যটন করপোরেশনের পরিচালক গনী উল আজম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কক্সবাজারের অসাধারণ সম্ভাবনা থাকলেও পর্যটন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কিছু ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারকে প্রতিষ্ঠিত করতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্বমানের পর্যটনসেবা ও ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখেই কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। সরকারি পর্যায়ে এ ধরনের আয়োজন বাস্তবায়ন সহজ না হলেও পর্যটনশিল্পের বিকাশে উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করে আরো উন্নত করার চেষ্টা করা হবে। প্রাথমিক সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভ্যালকে আরো গোছানো, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় উদ্যোক্তাদের জন্যও সুযোগ: কার্নিভ্যালে স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ রাখা হয়েছে। খাবারের স্টল, পণ্যবাজার ও কারুশিল্প গ্রামে তাঁরা স্থানীয় পণ্য তুলে ধরতে পারবেন।

পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় উদ্যোক্তারা দেশি-বিদেশি পর্যটকদের কাছে নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন। এতে স্থানীয় ব্যবসায়ী, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে কার্নিভ্যালের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মুখ শনাক্তকরণ প্রযুক্তিসহ আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্নিভ্যালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান জানান, পুরো আয়োজন সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। নিরাপত্তা ব্যবস্থা আরো কার্যকর করতে আধুনিক প্রযুক্তিও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সানা/ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফল জালিয়াতি চক্র, তদন্তে বেরোচ্ছে নতুন তথ্য
২২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফল জালিয়াতি চক্র, তদন্তে বেরোচ্ছে নতুন তথ্য

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ নতু...

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারো কালি লেপন
২২ নভেম্বর ২০২৬

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারো কালি লেপন

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডলে আবারো...

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
২২ নভেম্বর ২০২৬

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরের ব্যবধানে প্রায় সাড়ে চার গুণ বাড়লেও উত্তোলি...

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা
২২ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই