একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ নতুন নয়। তবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পরিবর্তন করে এক শিক্ষার্থীকে পাস করানোর ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে বোর্ডের ভেতরে ও বাইরে সংঘবদ্ধ একটি চক্রের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসছে। নগর ও জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বোর্ডের একাংশের যোগসাজশে দীর্ঘদিন ধরে এ ধরনের জালিয়াতি চলে আসছে বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি। ফলাফল পরিবর্তনের পাশাপাশি সনদ, নম্বরপত্র ও বিভিন্ন তথ্য সংশোধনেও অনিয়মের অভিযোগ রয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীকে নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে করা মামলার তদন্তে সর্বশেষ বোর্ডের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি। তাঁরা হলেন- বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক এবং স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম জিসান। গত ১৮ নভেম্বর রাতে তাঁদের গ্রেফতার করা হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে তাঁদের নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর গ্রেফতার করা হয়।
গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলাটি করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ রাসেল জানান, পাবলিক পরীক্ষার ফলাফল প্রস্তুতের সংবেদনশীল কক্ষের দায়িত্বে ছিলেন আবদুল মালেক। তাঁকে এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতারের মধ্য দিয়ে জালিয়াতির মূল জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে। বোর্ডের ভেতরে ও বাইরে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ফলাফল নিয়ে কারসাজি করে আসছে। স্কুল-কলেজ পর্যায় থেকে বোর্ড পর্যন্ত বিস্তৃত এই চক্রের সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
মামলার এজাহার অনুযায়ী, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল আলী শোভন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলে তাঁর জিপিএ ৪.৯৪ দেখানো হয়। পরে পুনর্নিরীক্ষণের আবেদনের পর বোর্ডের তদন্তে নম্বর পরিবর্তনের অনিয়ম ধরা পড়ে। অভিযোগে বলা হয়, বাংলা প্রথম পত্রে ২৩ নম্বরের পরিবর্তে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২ নম্বর দেওয়া হয়। ইংরেজি প্রথম পত্রে ৩৩ থেকে বাড়িয়ে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২ করা হয়। গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬ এবং পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ নম্বর বসানো হয়। এ ছাড়া রসায়ন ও জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর দেওয়া হয়।
সিআইডির পরিদর্শক মোহাম্মদ রাসেল জানান, শোভনের সব মূল উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে নম্বর বাড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার আবদুল মালেকের অফিসের ড্রয়ার থেকে ওএমআর শিটসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। কীভাবে জালিয়াতির ঘটনা ঘটানো হয়েছে, তার অনেকটাই তদন্তে বেরিয়ে এসেছে বলে জানান তিনি।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থী বা অভিভাবকের পক্ষে সরাসরি বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে ফলাফল পরিবর্তন করা সহজ নয়। এ ক্ষেত্রে স্কুল ও কলেজকেন্দ্রিক দালালরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। বিভিন্ন প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বোর্ডে যাতায়াতের সুযোগে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাঁদের সখ্য গড়ে ওঠে। তাঁদের একাংশের মাধ্যমে শিক্ষার্থী বা অভিভাবকের সঙ্গে বোর্ডের ভেতরের লোকজনের যোগাযোগ তৈরি হয়। এভাবে একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক কাজ করছে বলে সিআইডির ধারণা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন জানান, সিআইডির তদন্তে আবদুল মালেকসহ তিনজনের নাম এসেছে এবং তাঁদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে। চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা উদঘাটনের জন্য তিনি সিআইডিকে অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির অভিযোগ অবশ্য আগেও উঠেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের শেষ দিকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফল নিয়ে বিতর্ক তৈরি হয়। তৎকালীন বোর্ড কর্মকর্তা নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথের ফল পরিবর্তন করে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, রচনামূলক ও নৈর্ব্যক্তিক মিলিয়ে তাঁর ১৪টি উত্তরপত্রে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ২৪ নম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এ ঘটনায় তদন্তের পর নক্ষত্রের ফল বাতিল করা হয়। পরে নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেফতার হন।
২০১৮ সালের আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, সে সময় কক্সবাজারের চকরিয়া থেকে টেকনাফ পর্যন্ত কয়েকটি স্কুল ও বেসরকারি কলেজকে অনিয়মের ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। চট্টগ্রাম শহরের চারটি স্কুলের শিক্ষক ও কর্মচারীদের সরাসরি বোর্ডে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল। তাঁর ভাষ্য, তখন ‘ওসমান গ্রুপ’ নামে বোর্ডের কর্মচারীদের একটি গ্রুপ প্রভাব বিস্তার করত এবং ফলাফল পরিবর্তনের চেষ্টা করত।
চলমান তদন্তে শুধু শোভনের ফল জালিয়াতির ঘটনা নয়, বোর্ডের ভেতরে-বাইরে বিস্তৃত নেটওয়ার্কের অন্যান্য কর্মকাণ্ডও সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে চক্রের পরিধি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং অন্য কোনো পরীক্ষার ফল পরিবর্তন করা হয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সানা/ডিসি/আপ্র/২২/১১/২০২৬