গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

চার পেসার নাকি বাড়তি ব্যাটার, উইকেট দেখে একাদশ সাজাবেন সিমন্স

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১১ এএম ২০২৬
চার পেসার নাকি বাড়তি ব্যাটার, উইকেট দেখে একাদশ সাজাবেন সিমন্স
ছবি

ছবি সংগ্রহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। প্রথম টেস্টে হারের ধাক্কার পর এবার একাদশ ও বোলিং সমন্বয় নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দলকে। টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার হাসান মাহমুদের না থাকাটা সোমবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অনেক বেশি প্রভাব ফেলবে! সবমিলিয়ে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বিকল্প খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। 

 

তবে অভিজ্ঞদের অনুপস্থিতিকে নতুনদের জন্য সুযোগ হিসেবেই দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স, ‘১০৮ টেস্টের অভিজ্ঞতা পূরণ করা সবসময়ই কঠিন। তবে আমরা দেখেছি, আগের দুই টেস্টে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল না থাকলেও হৃদয় দায়িত্ব নিতে পেরেছে। আমরা সেভাবেই এগোতে চাই। যেই দলে আসবে, তাকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে হবে। হাসান নেই, তবে আমাদের দলে আরও চারজন পেসার আছে। তাদের মধ্য থেকে কাউকে তার বোলিংয়ের দায়িত্ব নিতে হবে।’

 


প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বাংলাদেশের বোলিংয়ের লাইন নিয়েও প্রশ্ন উঠেছে। 

 

বিশেষ করে প্রতিপক্ষের ব্যাটারদের যথেষ্ট চাপে রাখতে না পারার বিষয়টি ভাবাচ্ছে কোচকে। তবে ব্যাটিংয়ে ১২০ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ৪০০ রান করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি, ‘আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছি, তা হলো আমাদের বোলিংয়ের লাইন। আমরা মনে করি, প্রতিপক্ষের ব্যাটারদের যথেষ্ট খেলাতে পারিনি। 

 

এই জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ইনিংসে ১২০ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করতে পারা দারুণ ব্যাপার। তবে অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে বল করে ব্যাটারদের কত বেশি খেলানো যায়, সেটি নিশ্চিত করতে হবে।’

 


প্রথম টেস্টে বাংলাদেশ সাতজন ব্যাটার নিয়ে খেলেছিল। তবে দ্বিতীয় টেস্টে সেই সমন্বয় থাকবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ করে মুমিনুল হকের সাম্প্রতিক ফর্ম এবং সেঞ্চুরিয়নের উইকেট বিবেচনায় একাদশ সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট। ১৩ টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুল শেষ ১০ ইনিংসে কোনো ফিফটি পাননি। দক্ষিণ আফ্রিকায় তার রেকর্ডও খুব একটা স্বস্তিদায়ক নয়। এমন পরিস্থিতিতে তাকে আরও সুযোগ দেওয়া হবে, নাকি অন্য কাউকে পরীক্ষা করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে উইকেট দেখতে চান কোচ। 

 

এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমরা সাতজন ব্যাটার খেলিয়েছিলাম। তবে এখনো একাদশ চূড়ান্ত করিনি। মাঠে গিয়ে উইকেট দেখার পর সিদ্ধান্ত নেব, একাদশ কেমন হবে।’ মুমিনুলের ফর্ম নিয়ে প্রশ্নের জবাবে তার পাশে থাকার কথাও জানিয়েছেন প্রধান কোচ। 

 

অভিজ্ঞ এই ব্যাটারের সামর্থ্যের ওপর আস্থা রেখে তাকে আরও সময় দেওয়ার পক্ষে সিমন্স, ‘আমরা অনেক সময় বলি, অভিজ্ঞ ক্রিকেটার এবং যার ১৩টি টেস্ট সেঞ্চুরি আছে, সে নিশ্চয়ই জানে তাকে কী করতে হবে। হ্যাঁ, সে কিছুদিন ধরে রান পাচ্ছে না। তবে সে কঠোর পরিশ্রম করছে এবং ফর্মে ফেরার চেষ্টা করছে। কখনো কখনো খেলোয়াড়দের একটু বেশি সময় ধরে সমর্থন দিতে হয়। আমরা এই ক্ষেত্রে তাকে সমর্থন দিয়েছি। আগেই বলেছি, আজ আমরা বসে সিদ্ধান্ত নেব, আগামীকাল কী হতে যাচ্ছে।’

 

 সেঞ্চুরিয়নে চার পেসার নিয়ে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি সিমন্স। আগের টেস্টে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে এই মাঠে এর আগে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারতের মতো দল চার পেসার নিয়ে খেলেছে। বাংলাদেশের বোলিং আক্রমণেও চারজন পেসার থাকলেও তাদের সবাইকে একাদশে রাখার সিদ্ধান্ত উইকেট ও দলের ভারসাম্যের ওপর নির্ভর করছে।


স্পষ্ট করে সিমন্স কিছু না বললেও তার উত্তরে চার পেসার খেলার প্রসঙ্গটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ‘উইকেট দেখার পর আজই আমরা সিদ্ধান্ত নেব। এখানে অনেক দল চার পেসার নিয়ে খেলেছে। তবে সেটি তাদের দলের গঠন ও ভারসাম্যের সঙ্গে মানানসই ছিল। 

 

আমাদের দেখতে হবে, এই টেস্টে বাংলাদেশের জন্য কোন সমন্বয়টা সবচেয়ে ভালো হয়।’ এদিকে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ফিরছেন আনরিখ নরকিয়া। প্রথম টেস্টে তার অনুপস্থিতি থাকলেও এবার কাগিসো রাবাদার সঙ্গে তাকে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। 

 

তবে প্রতিপক্ষের পেসারদের নিয়ে আলাদা কোনো প্রস্তুতি নয়, প্রথম টেস্টের মতোই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সিমন্স। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘প্রথম টেস্টের মতোই আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথম টেস্টে নরকিয়া খেলবে না, সেটি আমরা আগে থেকে জানতাম না। বোশও খেলবে না, সেটিও আমাদের জানা ছিল না। তাই আমরা সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছিলাম, তারা দ্রুতগতির হোক কিংবা মাঝারি গতির। এবারও একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’

ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তুরস্কে প্রীতি ম্যাচের হাতছানি, প্রবাসীদের পাওয়া নিয়ে সংশয়
২২ নভেম্বর ২০২৬

তুরস্কে প্রীতি ম্যাচের হাতছানি, প্রবাসীদের পাওয়া নিয়ে সংশয়

চলতি বছরে আর কোনো ফিফা আন্তর্জাতিক উইন্ডো অবশিষ্ট নেই। ফলে বছরের বাকি সময়ে জাতীয় ফুটবল দলের সূচিতে ন...

এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রিয়াল মাদ্রিদের
২২ নভেম্বর ২০২৬

এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রিয়াল মাদ্রিদের

ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদের জালে বল পাঠাল সেল্তা ভিগো। বছর খানেক আগের স্মৃতি হয়তো উঁকি দিচ্ছিল ত...

গোল উৎসব করে ২৭ বছর পর চেলসির মাঠে লিডসের জয়
২২ নভেম্বর ২০২৬

গোল উৎসব করে ২৭ বছর পর চেলসির মাঠে লিডসের জয়

জোড়া গোল করলেন নোয়া ওকাফর। জালের দেখা পেলেন ডমিনিক ক্যালভার্ট-লুইন ও ব্রেন্ডেন অ্যারনসন। নজরকাড়া পার...

নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল
২২ নভেম্বর ২০২৬

নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

নিউক্যাসলের মাঠে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্সেনাল বিরতির পর পথ হারাল। অল্প সময়ে দুই গোল খেয়ে বসল তারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই