তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা কাটিয়ে নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার (২২ নভেম্বর) নতুন একটি সমঝোতা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কীভাবে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে নতুন সমঝোতা প্যাকেজকে গুরুত্বপূর্ণ মনে করছে সম্মেলনের সভাপতি দেশ অস্ট্রেলিয়া ও আয়োজক দেশ তুরস্ক।
শনিবার গভীর রাতে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে সম্মেলনের সভাপতি তুরস্কের মুরাত কুরুম বলেন, ‘আমরা এমন একটি প্রস্তাব উপস্থাপন করেছি, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে বলেই বিশ্বাস।’
চুক্তি অনুমোদনের লক্ষ্যে রোববার সকালে আবারো অধিবেশন বসার ঘোষণা দেন তিনি।
এর আগে শুক্রবার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আলোচকরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। শনিবার দিনভর আলোচনা চলার পরও অচলাবস্থা কাটেনি। শেষ পর্যন্ত আলোচনা গড়ায় রোববারের প্রথম প্রহর পর্যন্ত।
নতুন চুক্তির খসড়ায় আগের প্রস্তাবের কিছু সংশোধন আনা হয়েছে। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ বা কমানোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের উল্লেখ না থাকায় বেশ কয়েকটি দেশ অসন্তোষ জানিয়েছিল। মুরাত কুরুম বলেন, নতুন প্রস্তাবে জীবাশ্ম জ্বালানি নিয়ে উদ্বেগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া, তুরস্ক এবং বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিদলের মধ্যে নিবিড় আলোচনার পর নতুন খসড়াটি তৈরি করা হয়। এতে ধনী-দরিদ্র, বৃহৎ ও ক্ষুদ্র অর্থনীতির দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
তবে খসড়াটি নিয়ে আপত্তি রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রসহ কয়েকটি দেশের। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক চাহিদা কমানোর বিষয়ে স্পষ্ট কোনো উল্লেখ না থাকায় তারা সর্বশেষ খসড়ার বিরোধিতা করেছে।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রমের জন্য আরো অর্থায়নের নিশ্চয়তা চেয়েছে আফ্রিকান দেশগুলোর জোট। তবে ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়েছে, তারা এ ধরনের প্রস্তাব সমর্থন করবে না।
ইউরোপীয় কমিশনের জলবায়ুবিষয়ক কমিশনার ওয়াপক হুকস্ট্রা বলেন, ‘জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন কোনো চুক্তিতে সম্মত হবে না।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল এমন একটি সমঝোতায় পৌঁছানো, যেখানে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদার পাশাপাশি জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ওপর নির্ভরশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য রাখা যায়। এ প্রচেষ্টায় তুরস্কও সহযোগিতা করছে।
চুক্তির বিষয়ে আপত্তি জানানোর জন্য প্রতিনিধিদলগুলোকে বাংলাদেশ সময় রোববার সকাল ৯টা পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শুরুর কথা ছিল।
এদিকে, এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক উষ্ণতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা জানিয়েছে, প্রাক্-শিল্প যুগের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করার পথে রয়েছে।
এক দশক আগে প্যারিস জলবায়ু সম্মেলনে (কপ২১) বিশ্বের দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু সেই লক্ষ্য অর্জন নিয়ে এখন অনিশ্চয়তা বাড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির এই সীমা অতিক্রম করলে চরম আবহাওয়াজনিত দুর্যোগের প্রভাব আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্মেলনে সময়মতো চুক্তি চূড়ান্ত না হওয়ায় রোববার সকালে দেশে ফেরার কথা ছিল এমন কয়েকজন আলোচক তাঁদের ফিরতি ফ্লাইট সোমবারে পিছিয়ে নিয়েছেন।
জাতিসংঘের জলবায়ু আলোচনার নিয়ম অনুযায়ী, যেকোনো চুক্তি অনুমোদনের জন্য অংশগ্রহণকারী সব দেশের ঐকমত্য প্রয়োজন। দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে আলোচনা স্থগিত হতে পারে এবং কোনো চুক্তি ছাড়াই এবারের সম্মেলন শেষ হবে। সে ক্ষেত্রে পরবর্তী আলোচনা হবে আগামী বছরের জলবায়ু সম্মেলনে। সূত্র: রয়টার্স ও বিবিসি
সানা/আপ্র/২২/১১/২০২৬