সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: দেশের অন্যতম পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের এশিয়ান খেলাঘরের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক আজকের দর্পণের জামালপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক পল্লীকণ্ঠ পত্রিকার সম্পাদক জিয়াউর রাফি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আমীর উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন।
প্রধান অতিথির বক্তব্যে মুখলেছুর রহমান লিখন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক আজকের দর্পণ বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও পত্রিকাটি দেশ ও জাতির কল্যাণে এবং সমাজের অসংগতি তুলে ধরতে সাহসী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আমীর উদ্দিন পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে মফস্বল সাংবাদিকতার মানোন্নয়নে দৈনিক আজকের দর্পণের ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের জামালপুর জেলা শাখার সভাপতি মো. মুক্তাদিরু হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুমান, জামালপুর মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজন এবং মানবাধিকারকর্মী পারভেজ।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে পত্রিকাটির এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিরা পরস্পরকে মিষ্টিমুখ করান।
সানা/আপ্র/২২/১১/২০২৬