গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩০ এএম ২০২৬
১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
ছবি

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েক দিনের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে -ছবি সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের আর্থিক মাশুল দিতে হচ্ছে। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। এতে তাৎক্ষণিক উৎপাদন ও রফতানি ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এসব তথ্য প্রকাশ করে। সংগঠনটি জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের কারণে ৩১৭টি কারখানাকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এসব কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। রফতানির এফওবি মূল্য অনুযায়ী এ হিসাব করা হয়েছে।

উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারায় অধিকাংশ রফতানি আদেশ এখন ঝুঁকির মুখে। ক্রয়াদেশ ধরে রাখতে অনেক কারখানাকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে সরাসরি উৎপাদন ক্ষতির বাইরেও বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে কারখানাগুলোকে।

অন্য দেশে চলে গেছে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ: বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের প্রতিফলন। একটি ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার অর্থ শুধু তাৎক্ষণিক রফতানি আয় হারানো নয়, এর সঙ্গে ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্ক ও নতুন ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনাও জড়িত। বিকল্প দেশে উৎপাদনের ব্যবস্থা গড়ে উঠলে পরবর্তী সময়ে সেই ক্রয়াদেশ বাংলাদেশে ফিরিয়ে আনা কঠিন হতে পারে।

প্রকৃত ক্ষতির পরিমাণ আরো বেশি: বিজিএমইএ জানিয়েছে, জরিপে উঠে আসা ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি পুরো শিল্পের প্রকৃত চিত্র নয়। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। কিন্তু জরুরি জরিপে তথ্য দিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে জরিপের বাইরে থাকা কারখানাগুলোর ক্ষয়ক্ষতি এ হিসাবের অন্তর্ভুক্ত হয়নি।

এ ছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। এরপরও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা পুরোপুরি কাটেনি। ফলে উৎপাদন ব্যাহত হওয়া, পণ্য সরবরাহে বিলম্ব এবং ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনা অব্যাহত থাকলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

সংগঠনটির মতে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ রফতানি সম্ভাবনা রক্ষাও এখন বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত পরিস্থিতির উত্তরণ প্রয়োজন। উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ১৭টিতে ছুটি: এদিকে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েক দিনের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা সকালে কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুটি কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান।

তিনি জানান, শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়েও কাজে যোগ না দেওয়ায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাবে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। রোববার দুপুর ১টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শ্রমিক সংগঠনের নেতারাও গত কয়েক দিনের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কয়েকটি কারখানার সামনে শ্রম আইনের ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় সেগুলোর মধ্যে বেশ কয়েকটিতে উৎপাদন শুরু হয়েছে। কিছু কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলেও দুপুরে অতিরিক্ত সময়ের কাজ চলছে। আগের দিনগুলোর তুলনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন অনেক ভালো।

তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতির উন্নতি হলেও শ্রমিকদের দাবিদাওয়া ও কারখানার উৎপাদন পরিস্থিতির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া-কানাডা
২২ নভেম্বর ২০২৬

রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া-কানাডা

বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া...

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
২২ নভেম্বর ২০২৬

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভ...

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে
২১ নভেম্বর ২০২৬

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে

বিশ্ববাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় সোনার দাম আরও এক দফা বড় ধাক্কা খেয়েছে। এক দিনে ৪ দশমিক ৩৩ শতাং...

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি
২০ নভেম্বর ২০২৬

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে আরো ৫ হাজার কোটি টাকা ভর্তুকি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই